প্লাবনভূমিতে মাছ চাষ কৃষকের মুখে হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষকেরা টিলার ঢালু অংশে প্লাবনভূমিতে পাঁচ-ছয় বছর ধরে মাছ চাষ করছেন। এতে উপজেলার প্রায় পাঁচ হাজার কৃষকের মুখে হাসি ফুটেছে। আর এসব মৎস্য খামারে অনেকের কর্মসংস্থানও হয়েছে।স্থানীয় কৃষক, মৎস্য কার্যালয় ও কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে লাল মাটির টিলা। আগে বর্ষায় এসব টিলার ঢালের অনেক জমি পানিতে তলিয়ে থাকত। ফলে এসব জমিতে কৃষকেরা আবাদ করতে পারতেন না। বছর ছয়েক আগে কৃষকেরা প্রথমে সমিতি করে টিলার ঢালে মাছ চাষ শুরু করেন। বর্তমানে এলাকায় এমন ১৫০টি সমিতিতে প্রায় পাঁচ হাজার সদস্য রয়েছেন।চলতি বছর উপজেলার চক্রধা ইউনিয়নের কুতুবেরটেক, শিবপুর ঠুটপাড়া, বিলসরণ, চাণ্ডবরটেক, আঠারদিয়া, খুষু, সোনাকুড়া; জয়নগর ইউনিয়নের বিনাইয়া, কামরাব; দড়িপুরা দুলালপুর ইউনিয়নের দুলালপুর, শিমুলিয়া, আমুরপুর গ্রামের প্রায় এক হাজার একর প্লাবনভূমিতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ হয়েছে। এখানে এ বছর প্রায় এক হাজার মেট্রিক টন মাছ উৎপাদিত হবে বলে কৃষকেরা আশা করছেন। গত রোববার সরেজমিনে চক্রধা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, ধানি জমির বিশাল মাঠগুলোতে ছোট ছোট বাঁধ দিয়ে মাছ চাষ করা হচ্ছে। কানাওডা গ্রামের আনোয়ার পারভেজ, সোহেল মিয়া, তাইজুল ইসলাম মিলে কৃষকদের কাছ থেকে ৩০ বিঘা জমি ইজারা নিয়ে তৈরি করেছেন ‘রাঙ্গামাটি মৎস খামার’। আনোয়ার পারভেজ বলেন, ‘এখানে রুই, কাতলা, কই, সরপুঁটি, সিলভার কার্প, পাঙাশসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়েছে। মাছের খাবারসহ আনুষঙ্গিক খরচ হয়েছে প্রায় ২৫ লাখ টাকা। আশা করছি, এবার ৪০ লাখ টাকার মাছ বিক্রি করতে পারব।’শিবপুরের বিলসরণ এলাকার কৃষক নজরুল ইসলাম বলেন, ‘আগে বর্ষাকালে জমিগুলো পতিত থাকত। পরে আমরা বেশ কিছু জমির মালিক এক হয়ে বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করি। এতে আমরা নিজেরা লাভবান হয়েছি। পাশাপাশি মাছ চাষের পর জমির উর্বরতা বাড়ায় ফলনও বেড়েছে।’চক্রধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা বলেন, এই ইউনিয়নসহ অন্য ইউনিয়নগুলোর প্লাবনভূমিতে মাছ চাষ দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এতে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।উপজেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম বলেন, ‘উপজেলায় প্লাবনভূমিতে মাছ চাষ আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এর মাধ্যমে মাছের চাহিদা পূরণ, কর্মসংস্থান এবং ফসলের উৎপাদন বেড়েছে।’ তিনি জানান, প্লাবনভূমিতে মাছ চাষ সম্প্রসারণের জন্য একটি পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জেলা প্রশাসক ওবায়দুল আজম বলেন, ‘প্লাবনভূমিতে মাছ চাষে শিবপুরের সফলতা এখন আমার জেলার জন্য আদর্শ হয়ে দেখা দিয়েছে। জেলার অন্যান্য প্লাবনভূমিও মাছ চাষের আওতায় আনার জন্য আমরা চেষ্টা করছি এবং কৃষকদের উৎসাহিত করছি।’