খুলনা, সাতক্ষীরা ও যশোরের সাত লক্ষাধিক মানুষকে বাঁচাতে অবিলম্বে প্লাবিত অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা, পর্যাপ্ত ত্রাণসহায়তা দেওয়া এবং জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কপোতাক্ষসহ এই অঞ্চলে মৃতপ্রায় নদ-নদীগুলোকে বাঁচাতে হবে। এ লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছে খুলনা পানি কমিটি ও বানভাসী সংহতি মঞ্চ।গতকাল রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবে খুলনা পানি কমিটি ও বানভাসী সংহতি মঞ্চ এসব দাবি জানায়। সেই সঙ্গে তিন দিনের কর্মসূচিও ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, খুলনা-সাতক্ষীরা-যশোরের সীমান্তবর্তী এলাকা খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল নামক স্থানে ২৩ আগস্ট মঙ্গলবার বেলা ১১টায় সমাবেশ, ২৪ আগস্ট বুধবার খুলনা বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ এবং ২৫ আগস্ট বৃহস্পতিবার খুলনা নগরে দুর্যোগকবলিত এলাকার মানুষের মিছিল।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি এস এম দাউদ আলী, খুলনা নাগরিক কমিটির চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুম এবং সংহতি মঞ্চের নেতা ও সাংবাদিক গৌরাঙ্গ নন্দী প্রমুখ।