প্লাবিত নতুন নতুন এলাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী, কুলাউড়া ও বড়লেখা এবং সিলেটের বালাগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উজানের পাহাড়ি ঢলে গতকাল শনিবার এসব উপজেলার বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।জুড়ী উপজেলার হাকালুকি হাওরপারের সোনাপুর, বেলাগাঁও, শাহপুর ও তালতলা গ্রামে বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। লোকজন গবাদিপশু ও জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসলেহ উদ্দিন জানান, কালিনগর, রানীমোড়া, গৌরীপুর, হেকিমপুর, কানকৈরচক ও ভূঁয়াই গ্রাম প্লাবিত হয়েছে। ইউপি কার্যালয়ের মিলনায়তনে নতুন একটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।গোয়ালবাড়ি ইউপির চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ জানান, পশ্চিম শিলুয়া ও মন্ত্রীগাঁও গ্রামের প্রায় এক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন জাঙ্গিরাই দাখিল মাদ্রাসা ও রেলওয়ে গুদামঘর আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত লোকজনের মধ্যে চাল বিতরণ করেছেন। এ ছাড়া বড়লেখা উপজেলার তিনটি আশ্রয়কেন্দ্রেও ত্রাণ বিতরণ করেছেন তিনি।কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম নূরুল হক জানান, ভূকশিমূইল ইউনিয়নের তিনটি আশ্রয়কেন্দ্রে জেলা প্রশাসন থেকে পাওয়া ত্রাণ বিতরণ করা হয়েছে। বড়লেখার ইউএনও শাহ আলম মুকুল জানান, উপজেলার তালিমপুর, বর্ণি ও নিজ বাহাদুরপুর ইউনিয়নের ১০টি গ্রামে বন্যার পানি ঢুকে পড়েছে। এসব এলাকায় তিনটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বন্যাকবলিত কুলাউড়ার জন্য ৫০ হাজার টাকা ও ১৮ মেট্রিক টন চাল; জুড়ীর জন্য ১৫ হাজার টাকা ও ১১ মেট্রিক টন চাল এবং বড়লেখার জন্য ২০ হাজার টাকা ও ১৭ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর, পশ্চিম গৌরীপুর, পূর্ব পৈলনপুর, পশ্চিম পৈলনপুর, বালাগঞ্জ সদর ও সাদীপুর ইউনিয়নের অনেক গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি ঢুকে পড়ায় তয়রুননেছা বালিকা উচ্চবিদ্যালয়, জালালপুর, পূর্ব পৈলনপুর, কালনিরচর, চক দৌলতপুুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে।পূর্ব গৌরীপুর ইউপির চেয়ারম্যান আবদুল মতিন বলেন, বাড়িঘরে পানি ঢুকে পড়ায় অনেক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। মাঠের ফসল পানিতে তলিয়ে গেছে। দ্রুত ত্রাণসামগ্রী বিতরণ ও আশ্রয়কেন্দ্র খোলার দাবি জানান তিনি।বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ জিসি সড়কের একাধিক স্থান দিয়ে পানি উপচে পড়ছে। যেকোনো সময় যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। কুশিয়ারা বন্যানিয়ন্ত্রণ বাঁধের বালাগঞ্জ-শেরপুর অংশের গালিমপুরে বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ায় আশপাশের বাড়িঘর তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।