প্লাবিত হচ্ছে নতুন এলাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রৌমারী শহর রক্ষা বাঁধ ভেঙে বন্যার পানিতে প্লাবিত হয়েছে উপজেলা পরিষদ চত্বর। গতকাল তোলা ছবি l প্রথম আলো
কুড়িগ্রামের রৌমারী শহর রক্ষা বাঁধ ভেঙে বন্যার পানিতে প্লাবিত হয়েছে উপজেলা পরিষদ চত্বর। গতকাল তোলা ছবি l প্রথম আলো

নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় আট জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী মানুষের সংখ্যা বাড়ছে। কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যার পানিতে ডুবে দুই শিশুসহ তিনজন মারা গেছে। প্লাবিত এলাকায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে।
গতকাল বুধবার কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ, বগুড়া, ফরিদপুর, জামালপুর ও রাজবাড়ী জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আগের দিন নীলফামারীর বন্যা পরিস্থিতির কিছু উন্নতি হলেও গতকাল আবার নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
প্রথম আলোর ঢাকার বাইরে বিভিন্ন জেলার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রামে গতকাল ধরলা নদীর পানি বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি ৮৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বেড়েছে তিস্তাসহ অন্যান্য নদ-নদীর পানিও। ফলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুড়িগ্রাম বন্যানিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আবদুল মোতালেব মোল্লা বলেন, গতকাল বন্যার পানিতে ডুবে কুড়িগ্রাম সদর ও নাগেশ্বরী উপজেলায় দুটি শিশুর মৃত্যু হয়েছে। এদের একজন মারুফা (১৪) নাগেশ্বরী বেরুবাড়ী বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান বলেন, গত মঙ্গলবার রাতে রৌমারী শহররক্ষা বাঁধ ভেঙে উপজেলা চত্বর, ভূমি অফিস, ডাকঘর, রৌমারী ডিগ্রি কলেজসহ আটটি শিক্ষাপ্রতিষ্ঠান নতুন করে প্লাবিত হয়েছে।
জেলার নয়টি উপজেলার প্রায় ছয় লাখ মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে ৫০০ কিলোমিটার কাঁচা-পাকা সড়ক। বন্ধ করে দেওয়া হয়েছে দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আকতার হোসেন আজাদ বলেন, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০০ মেট্রিক টন চাল ও ৭ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার দুপুরে বলেন, ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ও ঘাঘট নদের পানি ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
সকালে ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের উত্তর খাটিয়ামারি গ্রামে বন্যার পানিতে ডুবে লালচান মিয়া (৫০) মারা গেছেন।
গাইবান্ধায় এ পর্যন্ত চারটি উপজেলার ৩৩টি ইউনিয়নে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় দুই লাখ মানুষ।
নীলফামারীর ডিমলা উপজেলায় বন্যা পরিস্থিতর আবারও অবনতি হয়েছে। ডিমলার টেপাখড়িবাড়ী ইউনিয়নে নদীভাঙন অব্যাহত রয়েছে। টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ত্রাণের পাশাপাশি বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার চেষ্টা চলছে। জেলা স্বাস্থ্য বিভাগের সাতটি মেডিকেল টিম বন্যায় আক্রান্ত এলাকায় কাজ করছে।
যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ওয়ালি উদ্দিন বলেন, সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার ২৯টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
জামালপুরে যমুনার পানি বিপৎসীমার ৯৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি ওঠায় ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। সরিষাবাড়ী উপজেলায় বন্যার পানির তোড়ে চারটি স্থানে ১২ কিলোমিটার রাস্তা ভেঙে গেছে।
বগুড়ার ধুনটে যমুনার পানি বেড়ে ভান্ডারবাড়ী ইউনিয়নের ১১টি গ্রাম প্লাবিত হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় পানি বাড়ছেই। গোয়ালন্দে ভাঙনের কারণে সন্ধ্যা সোয়া সাতটার দিকে দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে সেখানে তিনটি ঘাট চালু থাকলেও ২ নম্বর ঘাট এলাকায় ভাঙন থাকায় সেটি দিয়ে ঝুঁকি নিয়েই ফেরিতে ওঠানামা করছে যানবাহন।
পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় ফরিদপুর সদরের ডিক্রিরচর, চর মাধবদিয়া, নর্থ চ্যানেল ও আলীয়াবাদ ইউনিয়নের প্রায় আট হাজার পরিবার নতুন করে বন্যাক্রান্ত হয়েছে।