পানি, কোমল পানীয়, ওষুধসহ অন্যান্য খাদ্যদ্রব্য বাজারজাতকরণ ও সংরক্ষণে প্লাস্টিকের বোতল উৎপাদন, ব্যবহার ও পুনরায় ব্যবহার বন্ধে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে গতকাল রোববার এ রুল দেন।
একই সঙ্গে এসব কাজে ব্যবহূত বিদ্যমান প্লাস্টিকের বোতল বাজার থেকে প্রত্যাহার ও ধ্বংসে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়। এসব কাজে প্লাস্টিক বোতল উৎপাদন, ব্যবহার ও পুনরায় ব্যবহার বন্ধ নিশ্চিত করতে একটি তদারক সেল গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না—এ বিষয়েও জানতে চাওয়া হয়েছে।
স্বাস্থ্যসচিব, আইনসচিব, খাদ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিএসটিআইয়ের মহাপরিচালকসহ সাত বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ডিসেম্বরে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান রবিন। গতকাল আবেদনের ওপর শুনানি হয়। আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এম বদরুদ্দোজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।
পরে জে আর খান রবিন প্রথম আলোকে বলেন, আকার ও ওজনে সুবিধাজনক হলেও প্লাস্টিকের বোতল স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
প্লাস্টিকের বোতলে পানি, তেল, সস, জুস, এমনকি ওষুধ পর্যন্ত বিক্রি হচ্ছে। প্লাস্টিকের বোতল উৎপাদনের সময় ক্ষতিকর অনেক রাসায়নিক পদার্থ উৎপন্ন হয়। এসব কারণে প্লাস্টিক বোতলের ক্ষতিকর দিক বিবেচনা করে জনস্বার্থে রিটটি করা হয়।