প্লাস্টিকের বোতলের ব্যবহার বন্ধে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্লাস্টিকের বোতল উত্পাদন, ব্যবহার ও পুনর্ব্যবহার করে পানি, কোমল পানীয়, ওষুধসহ অন্যান্য খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বাজারজাতকরণ বন্ধ ও প্রত্যাহারের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে রুলে প্লাস্টিকের বোতল উত্পাদন, ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে একটি তদারক সেল গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও রুলে জানতে চাওয়া হয়েছে।

আজ রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন।

স্বাস্থ্যসচিব, আইনসচিব, খাদ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিএসটিআইয়ের মহাপরিচালকসহ সাত বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে গত ডিসেম্বরে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান। আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম বদরুদ্দোজা। রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।