
পাবনার চাটমোহর রেলস্টেশনে আরও একটি প্ল্যাটফর্ম ও পদচারী সেতু (ওভারব্রিজ) নির্মাণের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন করে রেল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় এলাকাবাসী। যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগ থেকে রেহাই পেতে তাঁরা এ দাবি জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে রেলস্টেশনের প্ল্যাটফর্মে স্থানীয়রা সমবেত হয়ে মানববন্ধন করেন। মানববন্ধনে স্টেশনে উপস্থিত যাত্রীরাসহ স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক কর্মী, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন চাটমোহর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল কবির খান, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান প্রমুখ। পরে তাঁরা চাটমোহর রেলস্টেশন মাস্টারের মাধ্যমে রেলওয়ের রাজশাহী পশ্চিমাঞ্চলীয় মহাব্যবস্থাপকের (জেনারেল ম্যানেজার) কাছে একটি স্মারকলিপি দেন।
নুরুল কবির খান জানান, জেলা সদরসহ আশপাশের তিনটি উপজেলার মানুষ চাটমোহর স্টেশন থেকে রেলযোগে দেশের বিভিন্ন এলাকায় যাওয়া-আসা করে। ফলে দিন দিন এই স্টেশনে যাত্রীর চাপ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু দীর্ঘদিনে স্টেশনের কোনো উন্নয়ন হয়নি। সেই ব্রিটিশ আমল থেকে একটি প্ল্যাটফর্মে যাত্রী ওঠানামা চলছে।
মোখলেসুর রহমান জানান, স্টেশনে এক প্ল্যাটফর্মে অতিরিক্ত যাত্রীর চাপে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। এ ছাড়া স্টেশনটির দুই পাশে বাজার তৈরি হওয়ায় রেললাইন পার হতে গিয়ে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। এ অবস্থায় দুই পাশে যাত্রী ও সাধারণ মানুষের চলাচলের জন্য একটি পথচারী সেতু প্রয়োজন।
সরেজমিনে দেখা গেছে, চাটমোহর সড়কের পাশেই রেলস্টেশনটি অবস্থিত। স্টেশনে একটি প্ল্যাটফর্ম। যাত্রীদের বসার কোনো ব্যবস্থা নেই। অপেক্ষার সময়টুকু এদিক-ওদিক ঘুরেই কাটাচ্ছেন সবাই। পাবনা সদর ও আটঘরিয়ার বাসিন্দারা সরাসরি স্টেশনের প্ল্যাটফর্মে আসতে পারেন। কিন্তু চাটমোহরসহ অন্য অঞ্চলের বাসিন্দাদের রেললাইনের সড়কের ওপর দিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে আসতে হচ্ছে।
পশ্চিমাঞ্চল রেলের চাটমোহর স্টেশনমাস্টার মহিউল ইসলাম জানান, দিন দিন এই স্টেশনে যাত্রীর চাপ বাড়ছে। ফলে একটি নতুন প্ল্যাটফর্ম করা হলে দুর্ভোগ অনেকটা কমবে। এ ছাড়া দুই পাশের বাজারের মধ্যে সংযোগ স্থাপনের জন্য একটি পথচারী করা হলে যাত্রীরা ভালোভাবে চলাচল করতে পারবে। তাঁরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।