প্ল্যাটফর্ম ঘেঁষে দোকান করছেন যুবলীগ নেতা
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া রেলস্টেশনের প্ল্যাটফর্ম ঘেঁষে মার্কেট নির্মাণের কাজ করছেন যুবলীগের এক নেতা। স্থানীয় লোকজন নির্মাণকাজ বন্ধের জন্য রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। গত সোমবার সরেজমিনে দেখা গেছে, তালোড়া রেলস্টেশনের পূর্ব-পশ্চিম লম্বা প্ল্যাটফর্মের ঠিক উত্তর-পূর্ব পাশ ঘেঁষে প্রায় ৬০ ফুট লম্বা জায়গা দখল করে দোকান নির্মাণের কাজ করছেন তালোড়া পৌর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি পৌর যুবলীগের সদস্য কামরুজ্জামান। প্ল্যাটফর্মের উত্তর সীমানা—লোহার পাতের ঘেরা—ভেঙে প্রথম পর্যায়ে ছয়টি দোকানঘরের জন্য ইটের ঘর তোলা হচ্ছে। এ ঘর নির্মাণের কারণে প্ল্যাটফর্মের পেছনে দিয়ে টিকিটঘরে যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গেছে। প্রতিটি দোকানঘরের জন্য ৫০ হাজার টাকা করে নেওয়া হয়েছে।রেল বিভাগ সূত্রে জানা গেছ, প্ল্যাটফর্মের আশপাশে স্থায়ী ভবন নির্মাণ করার কোনো বিধান নেই। রেলের জায়গা ইজারা নেওয়ার নিয়ম থাকলেও রেললাইনের ৫০ গজের মধ্যে কোনো স্থায়ী নির্মাণকাজ করা যাবে না। কিন্তু প্ল্যাটফর্ম ঘেঁষে এ ধরনের নির্মাণকাজ করা হলেও স্টেশন মাস্টার তো দূরের কথা, রেল বিভাগের কোনো কর্মকর্তা আজ পর্যন্ত বাঁধা দেননি। ঘটনাস্থলে যুবলীগের নেতা কামরুজ্জামানকে পাওয়া যায়নি। মুুঠোফোনে তিনি জানান, রেল বিভাগ থেকে দোকান নির্মাণের জন্য বিধি মোতাবেক জায়গা ইজারা নেওয়া হয়েছে। তবে প্ল্যাটফর্মের পাশে জায়গা ইজারা নেওয়ার ব্যাপারে তিনি কোনো কথা বলেননি। স্টেশন মাস্টার দেওয়ান শামসুল হক বলেন, ‘রেলের জায়গা দেখার দায়িত্ব আমার নয়। এর জন্য রেলের ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণ বিভাগ আছে। তারা প্ল্যাটফর্ম কেন, স্টেশন মাস্টারের ঘর পর্যন্ত ইজারা দিয়ে যা ইচ্ছে তা-ই করছে। বাধা দিতে গেলে মার খাব।’ রেল বিভাগের বগুড়ার সহকারী নির্বাহী প্রকৌশলী এম এ মালেক বলেন, রেলের জায়গা দখল করে নির্মাণকাজ করা হচ্ছে—এ ধরনের কোনো অভিযোগ কেউ করেনি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রেলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও লালমনিরহাটের বিভাগীয় প্রকৌশলী আসাদুল হক মুঠোফোনে বলেন, প্ল্যাটফর্মসংলগ্ন জায়গায় নির্মাণের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।