প্ল্যাটফর্মের বাইরে দাঁড় করানো হয় ট্রেন, যাত্রীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মের বাইরে আন্তনগর সীমান্ত ও রূপসা এক্সপ্রেস ট্রেন দুটি দাঁড় করানো হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে ওই ট্রেন দুটিতে যাত্রীদের ওঠানামা করতে হচ্ছে।
গত সোমবার সকাল পৌনে আটটায় সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেন। ওই ট্রেনে চেপে খুলনা যাচ্ছিলেন পাশের দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী গ্রামের বাসিন্দা নবিউল ইসলাম (৬৫)। তাঁর সঙ্গে স্টেশনে কথা হয়। তিনি বলেন, অন্তত তিন ফুট উঁচু প্ল্যাটফর্ম থেকে ঝাঁপিয়ে নেমে, আবার চার ফুট উঁচু সিঁড়ি বেয়ে ট্রেনে ওঠা খুবই ঝুঁকিপূর্ণ। বয়স্ক ও শিশুরা এভাবে ট্রেনে ওঠানামা করতে পারে না। অসুস্থ ট্রেনযাত্রীর জন্য এভাবে ট্রেনে ওঠা খুবই কষ্টকর। রেলওয়ে কর্তৃপক্ষ যদি ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড় করায়, তা হলে মানুষ স্বাচ্ছন্দ্যে ট্রেনে উঠতে পারে।
সৈয়দপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সীমান্ত ও রূপসা ট্রেন দুটি চলাচল করে সৈয়দপুর-খুলনা রেলপথে। ওই ট্রেন দুটির শেষ গন্তব্য সৈয়দপুর হওয়ায় এখানে সারতে হয় যান্ত্রিক খুঁটিনাটি (টিএক্সআর ফিটিং)। ফলে ওই ট্রেন দুটিকে দাঁড় করাতে হয় দুই পাশেই প্ল্যাটফর্ম নেই এমন লাইনে। ফাঁকা রেলপথে ট্রেন দাঁড় করালে সহজে রেলকর্মীরা ট্রেনটির বগির (চাকার) নিচে ঢুকে যান্ত্রিক রক্ষণাবেক্ষণ করতে পারেন। আর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড় করালে রেলকর্মীদের ট্রেনের বগির নিচে প্রবেশ করা কঠিন হয়ে পড়ে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই রেলওয়ে স্টেশনের এক কর্মচারী বলেন, ট্রেনগুলো প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে যাত্রী নামানোর পরও টিএক্সআর ফিটিং দেওয়া যায়। কিন্তু এমন কাজ করতে ওই ট্রেনটিকে কয়েক দফা এক লাইন থেকে অন্য লাইনে নিতে হবে। এর ফলে জ্বালানি খরচ বেড়ে যায়। যদিও রেলওয়ে কর্তৃপক্ষ জ্বালানিসংক্রান্ত ওই বরাদ্দ দিয়ে থাকে। তবে ট্রেনের লোকো মাস্টাররা (ট্রেনচালক) জ্বালানি তেল সাশ্রয় করে তা চুরি করেন বলেই তাঁরা ট্রেন দুটি স্টেশন ডকে আনা-নেওয়া করেন না।
সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান বলেন, গত ২৯ জানুয়ারি প্ল্যাটফর্মের বাইরে দাঁড়ানো ট্রেনে উঠতে গিয়ে এক যুবকের দুই পা কেটে যায়। এ ছাড়া উঁচু সিঁড়ি বেয়ে ট্রেন থেকে নামতে গিয়ে ইতিমধ্যে কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। কাজেই রেলওয়ে কর্তৃপক্ষের উচিত প্ল্যাটফর্মে ট্রেন দাঁড় করানো। এ ব্যাপারে তাঁরা স্টেশনমাস্টারকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন।
সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার বলেন, ‘সীমান্ত ও রূপসা ট্রেন দুটি প্ল্যাটফর্মে দাঁড় করানোর জন্য বহুবার স্টেশনমাস্টারকে অনুরোধ জানানো হয়েছে। কিন্তু এ নিয়ে তাঁদের কর্ণপাত নেই।’
এ নিয়ে কথা হয় সৈয়দপুর রেলওয়ে স্টেশনমাস্টার আবুল কাশেমের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘যাত্রীদের দুর্ভোগের বিষয়টি আমরা প্রত্যক্ষ করছি। কিন্তু উপায় নেই, যান্ত্রিক রক্ষণাবেক্ষণে ট্রেনগুলো আউট অব প্ল্যাটফর্মে (বাইরে) দাঁড় করাতে হচ্ছে। তবে বিষয়টি নিয়ে আমরাও ওপরে লিখেছি। দেখি, কী করা যায়।’