প্ল্যানের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বেসরকারি সংস্থা প্ল্যান বাংলাদেশের কার্যালয়ে হামলা চালানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন। গতকাল রোববার উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নবাসীর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
গতকাল দুপুরে ভেলাগুড়ি বাজারের রাস্তার পাশে আয়োজিত মানববন্ধনে কয়েক শ নারী ও পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে প্রতিবাদ সভা হয়।
সভায় আবদুস ছাত্তার, বিজয় কুমার বর্মণ, আশরাফুল আলম, রানী, শামসুন্নাহার প্রমুখ বক্তৃতা করেন।
ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস ছাত্তারসহ বক্তারা বলেন, এ সংস্থার কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
ওয়াশ প্রকল্পের আওতায় নির্মিত নিম্নমানের স্যানিটেশন উপকরণ (রিং ও স্ল্যাব) গ্রহণে প্ল্যানের পক্ষ থেকে আপত্তি থাকায় ঠিকাদারদের সঙ্গে সংস্থার কিছু সমস্যা হয়। এর জের ধরে গত ২৫ মার্চ দুপুরে প্ল্যানের হাতীবান্ধা ইউনিট কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে সংস্থার প্রোগ্রাম ইউনিট ম্যানেজার মাহফুজার রহমান, কর্মকর্তা হাসান আলী, হিসাব সমন্বয়কারী দীপঙ্কর চাকমা ও প্রহরী তরণী কান্ত রায় আহত হন। এ ঘটনায় সংস্থাটির উপব্যবস্থাপক আতিকুর রহমান বাদী হয়ে গত ২৭ মার্চ হাতীবান্ধা থানায় মামলা করেন। পুলিশ এ মামলার আসামি হাতীবান্ধা উপজেলা যুবলীগের সহসভাপতি কবীর হোসেন এবং সন্দেহভাজন আসামি গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে।