পড়তে গিয়ে ছাত্রী নিখোঁজ ছয় দিন পর লাশ উদ্ধার
ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজ হওয়ার ছয় দিন পর এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার একটি ঝোপ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।ওই স্কুলছাত্রীর নাম সামেলা বেগম (১৩)। সে সন্তোষী গ্রামের দিনমজুর ফিরোজ তালুকদারের মেয়ে। স্থানীয় কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সে চতুর্থ শ্রেণীতে পড়ত। তাকে হত্যা করার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ওই ব্যক্তির নাম আসাদ মোল্লা (২৪)।পারিবারিক সূত্রে জানা গেছে, সামেলা বেগম ২১ নভেম্বর ভোর সাড়ে ছয়টায় সন্তোষী জামে মসজিদের ইমাম আসাদ মোল্লার (২৪) কাছে আরবি পড়তে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। সামেলার সহপাঠী ও চাচাতো বোন রূপা জানায়, ওই দিন আরবি পড়া শেষ হলে সামেলা ছাড়া অন্য সবাইকে ইমাম বাড়ি চলে যেতে বলেন। সামেলাকে নিয়ে তিনি গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে চাল তুলবেন বলে জানান।সামেলার মামা খলিলুর রহমান জানান, ২১ নভেম্বর সামেলার বিষয়ে জানতে চাইলে তাকে (সামেলা) বেলা ১১টার মধ্যেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে আসাদ জানান। সামেলার খালা রাশেদা বেগম জানান, রোববার বেলা দুইটার দিকে সন্তোষী গ্রামের ইউসুফের বাড়ির উত্তর পাশে একটি ঝোপ থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী সেখানে একটি গলিত লাশ দেখতে পায়। পরে সামেলার মা লাশটি তাঁর মেয়ের বলে শনাক্ত করেন।নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ ভক্ত জানান, এ ঘটনায় সামেলার বাবা ফিরোজ রোববার রাতে নগরকান্দা থানায় হত্যা মামলা করেছেন। মামলায় আসাদ মোল্লাসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আসাদকে ওই রাতেই গ্রেপ্তার করা হয়।