পড়ন্ত বিকেলে জেএসসির ফল বাড়িয়ে দিল আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আজ আমার খুবই আনন্দের দিন। দুটি খেলায় মেডেল পেয়েছি। শুধু তা-ই নয়, আমার হাউস খেলাধুলা ও শিক্ষা দুটি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। সারা দিন খেলাধুলা, আনন্দে মেতে ছিলাম। আর বিকেলে যখন জানলাম, আমি জিপিএ-৫ পেয়েছি আর আমাদের কলেজ বোর্ডে ষষ্ঠ হয়েছে; শুনে মনে হচ্ছে, একসঙ্গে এত আনন্দ এর আগে আমি আর কখনো পাইনি।’ আনন্দে আত্মহারা ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সামিয়া আফরিন এভাবেই জানিয়েছিল তার প্রতিক্রিয়া।গতকাল বৃহস্পতিবার বিকেলে জেএসসি পরীক্ষার ফল প্রকাশের পর তাদের বাবাকে জড়িয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেছিল ক্যাডেট ইসরাত জাহান, নিশাত, সানজিদারা। ওদের সমস্বরে হইচই-চেঁচামেচিতে মুখর হয়ে উঠেছিল কলেজ চত্বর। ‘কত ভালো লাগছে তা বোঝাতে পারব না’—বলছিল তারা।গতকাল ছিল ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ২৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এ উপলক্ষে কলেজ চত্বর সাজানো হয়েছিল বর্ণিল সজ্জায়। সারা দিনই বিভিন্ন ব্যাচের ক্যাডেট ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। সারা দিনের প্রতিযোগিতায় কলেজের সদাচার হাউস শিক্ষা ও খেলাধুলা দুটি বিভাগে চ্যাম্পিয়ন ও সত্য হাউস দুটি বিভাগে রানার্সআপ হয়েছে। বড়ই আনন্দঘন পরিবেশ। কিন্তু সে আনন্দ ছাপিয়ে গেল পুরস্কার বিতরণের পর, যখন জেএসসির ফল ঘোষণা করা হলো। ব্যক্তিগত কৃতিত্ব তো আছেই, সেই সঙ্গে সেরা প্রতিষ্ঠানের তালিকায় কলেজের সাফল্যের সংবাদে শিক্ষার্থীরা আনন্দে আত্মহারা হয়ে ওঠে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোমেনশাহী সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আনোয়ার হোসেন। শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে তিনি বলেন, ছাত্রজীবনের মেধা কেবল পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ রাখলে হবে না, মেধাকে বিকশিত করতে হবে বিভিন্ন দিকে।কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. আসাদুজ্জামান সুবহানী এইসি বলেন, ‘দেশের শিক্ষাব্যবস্থায় এ কলেজের ভূমিকা অনন্য। লেখাপড়ার পাশাপাশি শৃঙ্খলাবোধ, ক্রীড়ানৈপুণ্য, নেতৃত্বের গুণাবলি অর্জনও করতে হবে।’ দিনভর খেলাধুলার আনন্দের পর পড়ন্ত বিকেলে জেএসসির সাফল্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক—সবারই আনন্দ বাড়িয়ে তুলেছিল বহুগুণ।