পড়বি তো পড় মালীর ঘাড়ে!
কিছুক্ষণ আগেই এক অসহায় পথচারীর কাছ থেকে ছিনতাই করে সবকিছু কেড়ে নিয়েছিল তারা। তাতেও সাধ মেটেনি। তাই একটি মাইক্রো আসতে দেখে বড় লাভের আশায় সেটাকেও থামায় তারা। কিন্তু ভেতরেই ছিল পুলিশের টহলদানকারী একটি দল। ফলে যা হওয়ার তাই হলো। হাতেনাতে ধরা পড়ে পুলিশ-জনতার ধোলাই খেয়ে এখন হাজতবাস করছে তিন ছিনতাইকারী। নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়াপুর বাজারের কাছে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, রাত সাড়ে ১২টার দিকে থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল মাইক্রোবাস নিয়ে নৈশ টহলে আলাইয়াপুর এলাকায় যায়। আলাইয়াপুর বাজারের কাছে পৌঁছালে একদল ছিনতাইকারী গাড়ির সামনে এসে সেটির গতিরোধ করে। কিন্তু ভেতরে পুলিশ দেখে চম্পট দেয় ছিনতাইকারীরা। পুলিশও সঙ্গে সঙ্গে ধর ধর চিৎকার দিয়ে তাদের ধাওয়া করে। এলাকাবাসী জানান, পুলিশের চিৎকার শুনে তাঁরা এগিয়ে আসেন। পুলিশ ও জনতা একসঙ্গে ধাওয়া করে ছিনতাইকারীদের তিনজনকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়। এলাকাবাসী আরও জানান, এ ঘটনার কিছুক্ষণ আগেই একই স্থানে আলাইয়াপুর এলাকার ইমাম হাছান (৩২) নামে এক ব্যক্তির কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের গতকাল নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।