পড়বি তো পড় মালীর ঘাড়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান গতকাল রোববার বেলা দুইটায় আকস্মিক সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন। কিন্তু এ সময় সাত চিকিত্সা কর্মকর্তার একজনও কর্মক্ষেত্রে ছিলেন না। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সকের জন্য অপেক্ষায় থাকা ক্ষুব্ধ লোকজন সাংসদের কাছে নানা অভিযোগ করে।জগন্নাথপুর গ্রামের বিশ্বজিত বৈদ্য অভিযোগ করে বলেন, ‘আমি বেলা একটা থেকে অপেক্ষায় আছি। এখনো কোনো ডাক্তার দেখি নাই। সকালে এলেও একই দশা থাকে।’ পৌর এলাকার হবিবপুর গ্রামের দেলোয়ার হোসাইন অভিযোগ করেন, সম্প্রতি তিনি তাঁর এক স্বজনকে জরুরি বিভাগে নিয়ে এসেছিলেন। সেখানে কোনো চিকিত্সক না পেয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, ওই সময়কার দায়িত্বরত চিকিত্সক পাশের আবাসিক ভবনে নিজের বাসায় রোগী দেখছিলেন। তিনি সেখানে ছুটে গিয়ে জরুরি বিভাগে এসে তাঁর স্বজনকে দেখার অনুরোধ জানালে চিকিত্সক তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন। এদিকে সাংসদ আসার খবর পেয়ে হাসপাতালের আবাসিক চিকিত্সক সামছুদ্দিন আহমদ বাসা থেকে ছুটে আসেন। এ সময় সাংসদ মান্নান চিকিত্সকদের দায়িত্বে অবহেলায় ক্ষোভ প্রকাশ করেন। স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে সাংসদের সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদসহ প্রশাসনের গণ্যমান্য ব্যক্তিরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাইস চেয়ারম্যান বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সাংসদসহ আমরা যাচ্ছিলাম। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গেলে কোনো চিকিত্সককে পাওয়া যায়নি।’ চিকিত্সক সামছুদ্দিন আহমদ বলেন, ‘সাতজন চিকিত্সকের মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গতকাল আসেননি। আরেকজন মাতৃত্বকালীন ছুটিতে। আমরা বাকি পাঁচজন কর্মরত ছিলাম। সংসদ সদস্য যখন আসেন, তখন সবাই দুপুরের খাবার খেতে বাইরে গিয়েছিলাম।’সাংসদ এম এ মান্নান বলেন, ‘চিকিত্সকদের এ ধরনের দায়িত্বে অবহেলা মেনে নেওয়া যায় না। বিষয়টি নিয়ে আমি তাঁদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করব।’