পড়া না পারায় এমন শাস্তি!
পড়া দিতে না পারায় বরিশালের উজিরপুর উপজেলার শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র রাসেল খানকে (১২) বিদ্যালয়ের দেয়ালে মাথা ঠুকিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।
এ অভিযোগ পাওয়া গেছে বিদ্যালয়ের ইসলাম ধর্মের শিক্ষক মো. ইদ্রিস আলী মোল্লার বিরুদ্ধে। আহত শিশুটিকে বৃহস্পতিবার রাতে বরিশাল নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্র উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আফজাল হোসেন খানের ছেলে।
বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা জানায়, রাসেল খান প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার বিদ্যালয়ে যায়। দুপুর সোয়া ১২টার দিকে ইসলাম ধর্মের শিক্ষক ইদ্রিস আলী মোল্লা পড়াতে আসেন। এ সময় এক এক করে শিক্ষার্থীদের পড়া নিতে শুরু করেন। একপর্যায়ে রাসেল খানের কাছে পড়া চান। রাসেল পড়া হয়নি বলার সঙ্গে সঙ্গে তাকে কয়েকটি থাপ্পড় মারার পর দেয়ালে মাথা ঠোকাতে থাকেন। এতে রাসেল রক্তাক্ত জখম হয়।
স্থানীয় লোকজন ও সহপাঠীরা জানায়, তারা রাসেলকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি ঘটলে ওই রাতে রাসেলকে বরিশাল নগরের রাহাত আনোয়ার প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ছাত্রের বাবা মো. আফজাল হোসেন অভিযোগ করে বলেন, ‘পড়া না বলতে পারায় আমার ছেলে রাসেলকে শিক্ষক ইদ্রিস আলী মোল্লা নির্মম ও নির্দয়ভাবে দেয়ালে মাথা ঠুকিয়ে রক্তাক্ত জখম করেছেন। আমি ওই শিক্ষকের বিচার চাই।’
নাম প্রকাশ না করার শর্তে রাসেলের একাধিক সহপাঠী অভিযোগ করে বলে, ‘রাসেল বারবার
বলতে ছিল “স্যার, এই ভুল আর হবে না, আমাকে মাফ করে দেন। আমি ঠিকমতো পড়া মুখস্থ করে আসব” কিন্তু স্যারে কোনো অনুনয়ে কর্ণপাত না করে দেয়ালে রাসেলের মাথা ঠুকতে থাকেন। একপর্যায়ে সে অচেতন হয়ে পড়লে স্যার রাসেলকে ছেড়ে দেন।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. হারুন অর রশিদ বলেন, ‘শিশুটিকে নির্মমভাবে আঘাত করা হয়েছে। খবর পেয়ে আমি স্কুলে পৌঁছে রাসেলকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে বরিশাল রাহাত আনোয়ার প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়।’
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দেওয়ান আবদুস সালাম বলেন, রাসেলের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এখানে রক্ত দেওয়ার ব্যবস্থা না থাকায় তাকে বরিশালে পাঠানো হয়েছে।
রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, রোগী অনেকটাই সুস্থ ও শঙ্কামুক্ত।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শিক্ষক মো. ইদ্রিস আলী মোল্লা কথা বলতে রাজি হননি। তবে তাঁর আত্মীয় মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টির জন্য ইদ্রিস আলী অনুতপ্ত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হোসেন সরদার জানান, বিষয়টি নিয়ে আজ শনিবার ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার বলেন, ‘বিষয়টি শুনেছি, লিখিত অভিযোগ পাইনি। পেলে দোষী শিক্ষকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’