পড়ালেখা ছেড়ে ইটভাটার কাজে যাচ্ছে শিশুরা
ফারুক, রাসেল, কেয়া ও জান্নাতুল চার ভাইবোন। সবাই পড়াশোনা করত। কিন্তু ওদের সংসারে বড় অভাব। তাই বিদ্যালয় ছেড়ে ওরা বাবা-মায়ের সঙ্গে ইটভাটায় কাজ করতে নরসিংদী চলে গেছে। সেখান টানা ছয় মাস কাজ করার পর বাড়ি ফিরবে।
ফারুকদের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের বড়খাতা আদর্শ গ্রামে। শিশু রাসেল জানায়, তার বাবার নাম কলিমুদ্দিন, মা ফুলমতি। তিন বছর ধরে তারা বাবা-মায়ের সঙ্গে কাজ করতে ইটভাটায় যায়। ফলে তাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। প্রথমবার ইটভাটায় কাজ করতে যাওয়ার ছয় মাস পর বাড়ি ফেরে তারা। এরপর আর তাদের বিদ্যালয়ে পড়তে যাওয়া হয়নি। ওই সময় সে বড়খাতা আদর্শ গ্রাম শিক্ষা উৎসাহ প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে, ছোট বোন কেয়া তৃতীয় আর সবার ছোট জান্নাতুল দ্বিতীয় শ্রেণিতে পড়ত। এ ছাড়া তাদের বড় ভাই ফারুক বড়খাতা উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ত।
শ্রমিক কলিমুদ্দিন বলেন, ‘মোর সংসারে অভাব-অনটন। এ জন্যি সবাকে নিয়া কাজ করি যাইছি। লেখাপড়ার দিন কী শেষ হইল। আরো আইছেছি সেলা (তখন) পড়িবে। সময় তো ফুরায়া যায় নাই।’ তিনি জানান, ভাটায় একটি কাঁচা ইট তৈরিতে তিনজন শ্রমিকের প্রয়োজন হয়। যে পরিবারে তিনজন সদস্য থাকে, তাঁরা প্রতিদিন কাজ করে প্রায় এক হাজার টাকা আয় করেন। তাই অধিকাংশ শ্রমিক ইট তৈরির কাজে সহায়তা করার জন্য তাঁদের ছেলেমেয়েকে নিয়ে যান।
ইটভাটার শ্রমিকসর্দার বড়খাতা আদর্শ গ্রামের বাসিন্দা শফিয়ার রহমান জানান, এ বছর ছয় সদস্যের একটি পরিবারকে ছয় মাস ভাটায় কাজ করার চুক্তিতে অগ্রিম হিসেবে এক লাখ ২০ হাজার টাকার মতো দেওয়া হয়েছে।
কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী সূত্র জানায়, বড়খাতা ইউনিয়ন থেকে নরসিংদীর ইটভাটায় কাজ করতে যাওয়া শ্রমিকদের ছেলেমেয়েদের বেশির ভাগই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ফলে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থী অনুপস্থিতির সংখ্যা বেড়ে গেছে। একই অবস্থা উপজেলার গড্ডিমারী, সামিয়াজান, সিংগীমারী ও ফকিরপাড়া ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়েরও। তবে গড্ডিমারী, চর গড্ডিমারী, সারডুবী, পন্ডিতপাড়া, পিত্তিফাটা, নিজ গড্ডিমারী ও বড়খাতা আদর্শ গ্রাম শিক্ষা উৎসাহ প্রাথমিক বিদ্যালয়ে সবচেয়ে বেশি অনুপস্থিতি লক্ষ করা গেছে।
বড়খাতা আদর্শ গ্রাম শিক্ষা উৎসাহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, ‘গত বছর অনেক শিক্ষার্থী আমাদের অজান্তে বাবা-মায়ের সঙ্গে ইটভাটায় গেছে। এটি জানার পর শিক্ষার্থীদের ইটভাটায় না নেওয়ার জন্য চলতি বছর মা সমাবেশ করাসহ বিভিন্নভাবে অভিভাবকদের অনুরোধ করা হয়েছে। এর পরও কিছু অভিভাবক আমাদের অনুরোধ রাখেননি। ইটভাটার কাজে যাওয়া শিশুগুলো বিদ্যালয় থেকে ঝরে পড়ছে।’
হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্বাস উদ্দিন বলেন, ‘তিনটি ইউনিয়নের ১৬-১৭টি বিদ্যালয় পরিদর্শন করে দেখেছি, হাজিরা খাতায় কোনো শিক্ষার্থী অনুপস্থিত নেই। তাই শিক্ষার্থীদের ইটভাটায় যাওয়ার খবরটি আমার জানা নেই।’
ইটভাটার তিনজন শ্রমিকসর্দারের সঙ্গে কথা বলে জানা গেছে, নরসিংদীর বিভিন্ন ইটভাটায় কাজ করতে প্রতিবছর হাতীবান্ধা উপজেলা থেকে ১০-১২ হাজার মানুষ পাড়ি জমান। এ বছরও অনেক শ্রমিক সপরিবারে ইটভাটার কাজে যাচ্ছেন।
গত ২৭ অক্টোবর সরেজমিনে দেখা যায়, বড়খাতা রেলগেট থেকে পাঁচটি ভাড়া করা বাসে শ্রমিকেরা নরসিংদীর পথে রওনা হচ্ছেন। এসব বাসে অর্ধেকেরও বেশি শিশু তাদের বাবা-মায়ের সঙ্গে যাচ্ছে।
এ সময় শ্রমিকেরা জানান, এক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শ্রমিকেরা নরসিংদী যাচ্ছেন। সেখানে শ্রমিকদের সপরিবারে থাকার ব্যবস্থা রয়েছে।