পড়াশোনায় মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পড়াশোনায় এখন মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে। মেয়েরা প্রমাণ করেছে সমান সুযোগ পেলে তারা যেকোনো চ্যালেঞ্জ নিয়ে সফল হতে পারে।
ইডেন মহিলা কলেজের কৃতী ছাত্রীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। গতকাল রোববার ‘এভারেস্টজয়ী বাংলার মেয়েরা অসমসাহসী, শিক্ষা ও ক্রীড়ায় তারাই হবে বিশ্বজয়ী’ শিরোনামে অনুষ্ঠানটি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়।
এতে শিক্ষামন্ত্রী আরও বলেন, শুধু পড়াশোনায় ভালো হলে চলবে না। তরুণ প্রজন্মকে নৈতিকতা, মূলবোধ ও সততার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ জন্য শিক্ষকদেরও নিবেদিত হয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে।
বেলুন, ফুল আর রঙিন কাপড়ে সজ্জিত পুরো ক্যাম্পাস। ২২টি বিভাগের ছাত্রীদের পরনে ভিন্ন ভিন্ন রঙের শাড়ি; মাঠজুড়ে যেন প্রজাপতির মেলা। তালে তালে বাজছে ড্রাম আর বিউগল। মার্চপাস্ট করে চলছেন বিএনসিসি, রোভার স্কাউট, তায়কোয়ান্দোসহ সাধারণ শিক্ষার্থীরা।
এমনই বর্ণিল পরিবেশ ছিল কলেজজুড়ে। এতে বিশেষ অতিথি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান বলেন, ‘কলেজটি দেশের নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। আমি কলেজটির সাফল্য কামনা করছি।’
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ গায়ত্রী চ্যাটার্জী বলেন, ‘দেশে মেয়েদের কলেজের মধ্যে ইডেন মহিলা কলেজ শ্রেষ্ঠ কলেজ। এই কলেজের মেয়েরা শিক্ষা, সংস্কৃতি থেকে শুরু করে কর্মক্ষেত্রে, রাজনীতিতেও দক্ষতার স্বাক্ষর রাখছে। দেশে-বিদেশে সুনাম অর্জন করছে; মেয়েদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
বক্তৃতা শেষে ২০১২ এবং ২০১৩ সালে স্নাতকোত্তর শেষ পর্বের প্রথম শ্রেণিপ্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনার অংশ হিসেবে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। ২০১২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন শাহিদা আক্তার আরা এবং ২০১৩ সালে মার্কেটিং বিভাগে জান্নাতুল ফেরদৌস। তা ছাড়া বার্ষিক আন্ত ও বহি ক্রীড়ার বিভিন্ন খেলায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। এর আগে ক্যাম্পাসে একটি মাল্টিপারপাস খেলার মাঠের উদ্বোধন করা হয়, যেখানে একই সঙ্গে হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল এবং ব্যাডমিন্টন খেলা যাবে।