পড়াশোনা ছাড়াই বেড়ে উঠছে চরের শিশুরা
কাস্তে নিয়ে চরের আলপথ দিয়ে দৌড়াচ্ছে কদু (৮)। সঙ্গে ছোট ভাই মফিজল (৫)। কথা বলতে চাইলে খানিক থেমে চিৎকার করে বলে, ‘সময় নাই। কী কবার তাড়াতাড়ি কন।’ স্কুলে যাও না কেন—জানতে চাইলে বলে, ‘হামার চরত স্কুল নাই। সারা দিন গরু চরাই, ঘাস কাটি।’ কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদবেষ্টিত চর পার্বতীপুরের চিত্র এটি।
গত বুধবার যাত্রাপুর ঘাট থেকে এক ঘণ্টার নৌকাপথ পাড়ি দিয়ে উত্তর-দক্ষিণে অবস্থিত চরটিতে পৌঁছেই চোখে পড়ে একটি শিশু আপনমনে কাশগাছ (কাশিয়া) কাটছে। কাছে গিয়ে কথা বলে নাম জানা গেল, পচা। বয়স আট, তিন ভাইবোন, সে মেঝো। ১১ বছরের বড় ভাই ও দুই বছরের ছোট বোন আছে তার। বড় ভাই মাছ ধরতে গেছে। আর সে সকাল থেকে কাশিয়া কাটছে। কিছুদূর এগিয়ে দেখা যায়, শিশু রাহেলা কয়েকটি ভেড়াকে ঘাস খাওয়াচ্ছে। সে বলে, ‘সে স্কুলে ভর্তি হয়েছিল। কিছুদিন পর বন্ধ হয়ে যায়। অ্যালা বাড়ির কাম করি।’
শিক্ষক খোকা মণ্ডল জানান, এই চরে শতাধিক পরিবারে বিদ্যালয়ে যাওয়ার মতো ১৮৬টি শিশু আছে। এসব শিশুর লেখাপড়া করার জন্য নেই কোনো বিদ্যালয়। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে হংকংয়ের এক ব্যবসায়ী ২৫ ফুট দীর্ঘ একটি টিনের ঘর তৈরি করে দিয়েছিলেন। সেখানেই পাঠদান চলেছিল কিছুদিন। ওই ব্যবসায়ী এক মাসের বেতন দেওয়ার পর আর দেননি। তবু তাঁরা (খোকা মণ্ডল) পাঠদান চালু রাখার চেষ্টা করেছেন। কিন্তু গরিব মানুষ, কত দিন বিনা পয়সায় চালাবেন! দুই মাস চলার পর বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়।
সরেজমিনে বিদ্যালয়টিতে দেখা যায়, টিনের ঘরের ভেতরে কোনো আসবাব নেই। এক অংশে মাটিতে চট বিছানো। জানালা-দরজাগুলো ভেঙে যাচ্ছে। বিদ্যালয়ের মাঠে পাশের বাড়ির বাসিন্দারা একটি গোয়ালঘর তুলেছেন।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী জাহেদা, সুফিয়া বলে, ‘হামরা তো পড়বার চাই। স্কুল না থাকলে কোটে পড়মো? আগে স্কুল আছিল, গেছি।’ অভিভাবক নীল চাঁদ বলেন, যাত্রাপুর ইউনিয়ন থেকে এই চর পাঁচ কিলোমিটার দূরের পথ। নৌকা ছাড়া আসার কোনো ব্যবস্থা নেই। সেখানে স্কুল আছে। এত দূর থেকে রোজ নদী পার হয়ে স্কুলে যাওয়া সম্ভব নয়। দুই কিলোমিটার দূরে চর কালির আলগায় একটা স্কুল আছে। আঁকাবাঁকা চর পথে নদী পার হয়ে সেখানে যাওয়াও কষ্টকর।
যাত্রাপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবদুল গফুর জানান, ‘স্কুলের বিষয় শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।’ সদর উপজেলা প্রাথমিক কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’