পড়াশোনা বন্ধ রেজবিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেজবিনা আক্তার উচ্চশিক্ষা নিয়ে শিক্ষক হতে চায়। সে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছে। কিন্তু চাচার নির্দেশে বাল্যবিবাহে রাজি না হওয়ায় তার স্কুল ও লেখাপড়া বন্ধ এখন। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে তার শিক্ষাজীবন। সে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। স্কুলের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম জানান, পড়ার অদম্য ইচ্ছা দেখে তাঁরা মেয়েটির লেখাপড়াসহ সমস্ত দায়িত্ব নিতে চেয়েছিলেন। কিন্তু ওর চাচা রাজি হননি। এখন বিয়েতে রাজি না হওয়ায় তার লেখাপড়া বন্ধ। ১৩ এপ্রিল সরেজমিনে কথা হয় রেজবিনার সঙ্গে। ২ এপ্রিল থেকে তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। ভীতকণ্ঠে সে বলে, দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় বাবা আবদুল্লাহ মারা যান। বাড়িতে টিকতে না পেরে মা গৃহহারা হন। তখন থেকে সে চাচা মফিদুল ইসলামের আশ্রয়ে। এখন চাচাতো ভাই জিয়াউর রহমানের (১৮) সঙ্গে তার বিয়ে দিতে চান চাচা। জিয়াউর কৃষিকাজ করেন। মেয়েটি বলে, ‘এ বিয়েতে রাজি হইনি। তাই নির্যাতনের পর লেখাপড়া বন্ধ। এখন বাড়ির ভারী কাজ করতে হয়। আমাকে উদ্ধার করেন।’ কান্নাজড়িত কণ্ঠে রেজবিনা বলে, ‘কেউ দায়িত্ব নিলে আমি পড়তে চাই।’মুজিবনগর থানার ওসি রবিউল ইসলাম জানান, মেয়েটিকে নির্যাতন করা হচ্ছে—গ্রামবাসী এমন খবর দিলে পুলিশ বাল্যবিবাহের উদ্যোগ বন্ধ করে দেয়। থানায় চাচাকে ডেকে নির্যাতন না করতে বলা হয়েছে। মেয়েটিকে উদ্ধারে তার মা ৯ এপ্রিল থানায় লিখিত আবেদন করেছেন। রেজবিনার শ্রেণীশিক্ষক মো. কামরুজ্জামান জানান, রেজবিনা স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্রী। বাল্যবিবাহে রাজি না হওয়ায় তার লেখাপড়া বন্ধ করে দেওয়ার ঘটনাটি খুবই দুঃখজনক। সহপাঠী রূপালী আক্তার বলে, ‘রেজবিনা গণিত ও ইংরেজিতে খুবই ভালো ছিল। প্রায়ই সে আমাদের ক্লাস নিত।’চাচা মফিদুল ইসলাম বলেন, ‘এখন পড়াব না। মেয়ে বিয়ে না করলে ভাতও বন্ধ করে দিব। এখন কেউ চাইলেই মেয়ে দিব না।’ রেজবিনার মা রাশিদা খাতুন জানান, বিয়ের জন্য মেয়েকে নির্যাতন করা হচ্ছে—এমন খবর পেয়ে মেয়েকে উদ্ধারের জন্য থানায় অভিযোগ করেছেন।