পড়াশোনার চাপে শিশুরা শৈশব হারিয়ে ফেলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি সংস্থা ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ বলেছেন, পড়াশোনার চাপে শিশুরা তাদের শৈশব হারিয়ে ফেলছে। পিতা-মাতারা চান, সন্তান পড়াশোনায় সবচেয়ে ভালো হবে। আর শিক্ষাদানের গুণগত মান উন্নত না হওয়ায় মুখস্থবিদ্যার দিকে বেশি ঝোঁকে শিশুরা। গতকাল বুধবার আমেরিকান চেম্বার ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত মধ্যাহ্ন ভোজসভার বিশেষ বক্তৃতায় ফজলে হাসান আবেদ এ কথা বলেন। দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য তিনি শিক্ষাব্যবস্থা উন্নত করার পরামর্শ দেন। অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যামচেমের সভাপতি আফতাব-উল ইসলাম ও নির্বাহী পরিচালক এ গফুর। রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফজলে হাসান আবেদ বলেন, দারিদ্র্য বিমোচনে শিক্ষার বিশাল ভূমিকা রয়েছে। গুণগত শিক্ষার মাধ্যমে একটি দেশ এগিয়ে যায়। এ জন্য সর্বজনীন শিক্ষাব্যবস্থার ওপর তিনি জোর দেন। তিনি বলেন, ‘আমরা শিক্ষার উন্নয়নে এখনো বেশি খরচ করছি না। শিক্ষার মান বাড়াতে আরও বিনিয়োগ প্রয়োজন।’ তিনি জানান, বাংলাদেশ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ২ শতাংশ অর্থ খরচ করে। আর ভারত ও থাইল্যান্ডে এই হার যথাক্রমে সাড়ে ৩ শতাংশ ও ৪ শতাংশ।’ তিনি মত দেন, উন্নয়নের ওপরের দিকে যেতে হলে উচ্চশিক্ষায় বিনিয়োগ বাড়ানো উচিত। উচ্চ মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে। অন্যথায় কোনো সম্ভাবনা নেই।বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন প্রসঙ্গে তিনি বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়ের সুশাসনের সঙ্গে স্বায়ত্তশাসন জড়িত। কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি স্বায়ত্তশাসন দিলে সরকারি বরাদ্দ মিলবে না। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোর পূর্ণাঙ্গ স্বায়ণত্তশাসন চান না অনেক উপাচার্য। আফতাব-উল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, নানা দুর্যোগ সত্ত্বেও দুই দশক ধরে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। কয়েক বছর ধরে জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরে। আর মধ্য আয়ের দেশে পরিণত হতে হলে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত করতে হবে। এ জন্য বিনিয়োগ বাড়ানো দরকার।