পড়াশোনার জন্য শাসন করায় শিশুর আত্মহনন?
গাজীপুর সদর উপজেলার পূর্ব চান্দনা এলাকার একটি ঘর থেকে গতকাল সোমবার সকালে শাহানা সুলতানা (১৩) নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যরা বলছেন, ঠিকমতো পড়াশোনা করতে রোববার রাতে বড় ভাই শাসন করায় শাহানা অভিমান করে আত্মহত্যা করে।
শাহানা পূর্ব চান্দনার লাল মিয়ার মেয়ে। পড়ত পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে।
লাল মিয়া জানান, শাহানার বার্ষিক পরীক্ষা চলছে। গত রোববার রাতে তাঁর ছেলে রতন মিয়া ঠিকমতো পড়াশোনা করার জন্য শাহানাকে শাসন করেন। অভিমান করে ঘরের দরজা বন্ধ করে দেয় শাহানা। রাতেই তাঁরা শাহানাকে ডাকাডাকি করেন। একপর্যায়ে ঘরের দরজা ভেঙে দেখতে পান সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শাহানার মৃতদেহ ঝুলছে।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) ফৌজিয়া রহমান জানান, খবর পেয়ে গতকাল সোমবার সকালে তাঁরা শাহানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠান।