পড়ায় ভালো, গান খেলাধুলায়ও অনন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারিদ্র্য ওদের দমাতে পারেনি। একমনে করে গেছে পড়াশোনা। চেষ্টা ও মেধা এনে দিয়েছে কাঙ্ক্ষিত সাফল্য। এসএসসিতে প্রত্যেকেই পেয়েছে জিপিএ-৫। তাদের কেউ কেউ গান ও খেলাধুলায় দেখিয়েছে দারুণ চমক।খেলার মাঠের সাথী পড়ায়ও সেরা: ভালো করে বা পেটপুরে খায়নি কোনো দিন। দিনভর বিড়ির খোল বানিয়ে মাত্র সাত থেকে ১০ টাকা আয় করেছে। ওই টাকায় লেখাপড়ার খরচ চালাতে হয়েছে তাকে। কারণ, বাবার আয়ে সংসার চলে না। তার ওপর বড় দুই ভাইবোনের লেখাপড়ার খরচ তো আছেই। তাই নিজের পরিশ্রমে তাকে এগোতে হয়েছে। এভাবেই পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি শহীদ স্মৃতি বিদ্যানিকেতনের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছিল সাথী রাণী দাস। লাউকাঠির গ্রাম্যচিকিৎসক সুনীল চন্দ্র দাসের তিন সন্তানের মধ্যে সাথী সবার ছোট। ছোটবেলা থেকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী সে। দাবা ও ব্যাডমিন্টনে স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন ও বিভাগীয় পর্যায়ে রানারআপ হয়েছে। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সাথী। বাবা সুনীল দাস জানান, নিজের কোনো জমিজমা নেই। দিনে ১০০-১২০ টাকা আয় হয় তাঁর। সেই টাকায় পাঁচ সদস্যের সংসার চালানো মুশকিল। মা কৃষ্ণা রানী জানান, দেড় থেকে দুই হাজার বিড়ির খোল বানিয়ে প্রতিদিন সাত থেকে ১০ টাকা থাকে। দুর্গম গ্রামের আয়েশা চিকিৎসক হতে চায়: রাঙামাটি শহর থেকে ৪০ কিলোমিটারেরও বেশি দূরে নানিয়ারচর উপজেলার দুর্গম বেতছড়ি গ্রামের আয়েশা মোল্লা চিকিৎসক হতে চায়। এবার সে বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেয়। তবে আয়েশার বাবা হুমায়ুন কবির মোল্লা ও মা ববিতা কবির মেয়ের ইচ্ছা কতটুকু পূরণ করতে পারবেন, তা নিয়ে চিন্তিত। আয়েশা জানায়, গ্রামে তার বাবার একটি ছোট চায়ের দোকান আছে। পড়াশোনার পাশাপাশি সেই দোকানে বাবাকে সে সাহায্য করত। হুমায়ুন কবির জানান, তাঁর তিন ছেলেমেয়ের মধ্যে আয়েশা বড়। ছোটবেলা থেকে ভালো কিছু খাওয়াতে পারেননি মেয়েকে। নিজের কোনো বাড়ি নেই। অন্যের জমিতে ছোট একটি ঘরে তুলে থাকেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনীল বিকাশ খীসা জানান, আয়েশা পড়াশোনায় বেশ মনোযোগী। শিক্ষকদের কাছে সবকিছু খুঁটিয়ে জিজ্ঞেস করে। পড়াশোনায়ও সফল কণ্ঠশিল্পী তহমিনা: বগুড়ার শাজাহানপুর উপজেলার তহমিনা আক্তার এবার মাঝিড়া উচ্চবিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। উপজেলা সদরের মণ্ডলপাড়ার সাইফুল ইসলামের মেয়ে সে। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় মা মারা যান। বাবা চলে যান অন্যত্র। সংসার দেখাশোনার ভার পরে বড় বোন সুলতানা রাজিয়ার ওপর। তিনি জানান, মা-ই ছিলেন সংসারের সব। মায়ের মৃত্যুর পর তাঁদের ঘরে নেমে আসে অন্ধকার। একটি বেসরকারি সংস্থায় অল্প বেতনে চাকরি নিয়ে সংসারের হাল ধরেন তিনি। ইতিমধ্যে তাঁর বিয়ে হয়ে গেছে। শ্বশুরবাড়ি চলে যেতে হবে তাঁকে। তাই তহমিনার এখন পড়াশোনা হবে কি না, তা নিয়ে চিন্তিত তিনি। সুলতানা রাজিয়া আরও জানান, তহমিনা ভালো গান গাইতে পারে। সে নিজের চেষ্টায় গান শিখেছে। জেলায় সে শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কারও পেয়েছে। কথা হয় তহমিনার সঙ্গে। ভবিষ্যতে সে একজন চার্টার্ড অ্যাকাউনটেন্ট হতে চায়। পাশাপাশি বড় শিল্পী হওয়ারও ইচ্ছা তার। মাঝিড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম জানান, তহমিনা খুব ভালো ছাত্রী। সে সংগীতেও খুব ভালো।শিক্ষক হতে চায় লিপি: কুপির বাতিতে পড়তে হতো। পড়া শেষ না হওয়া পর্যন্ত মশারি টানান যেত না। মশার কামড় খেতে হতো ভাইবোনদের। ওরা বকাঝকা করে একসময় ঘুমিয়ে পড়ত। কিন্তু গভীর রাত পর্যন্ত পড়ত লিপি খাতুন। দিনের বেলায় লেখাপড়ার সুযোগ নেই। ভোর হলেই কাজ করতে যেতে হতো পাশের বাড়িতে। সেখান থেকে বাড়ি ফিরে বইখাতা হাতে সোজা স্কুলে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মালতিডাঙ্গা পশ্চিমপাড়া উচ্চবিদ্যালয়ের ছাত্রী ছিল লিপি। ওই স্কুল থেকে মানবিক বিভাগে পরীক্ষা দিয়েছিল সে। তেলকুপি গ্রামে তাদের বাড়ি।লিপি বলে, ‘স্কুলের টিফিনের সময়ও ক্লাসের মধ্যে পড়তে বসতাম। অভাবী পরিবারের লোকজনের লেখাপড়া করা যে কত কঠিন, তা আমি বুঝি। সেই কারণে আমার একান্ত ইচ্ছা, আমি যদি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারি, তাহলে দুঃখী ছেলেমেয়েদের লেখাপড়া শেখানোর জন্য নিজেকে উৎসর্গ করব।’[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন শংকর দাস, পটুয়াখালী; হরি কিশোর চাকমা, রাঙামাটি; মিলন রহমান, বগুড়া ও এনামুল হক, সিরাজগঞ্জ]