
প্রয়াত মুক্তিযোদ্ধা আমীন আহম্মেদ চৌধুরী বীর বিক্রম (মেজর জেনারেল) ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে কর্মরত ছিলেন। তাঁর লেখা বই একাত্তর ও আমার সামরিক জীবন প্রথমা প্রকাশন থেকে বেরোবে শিগগিরই। প্রকাশিতব্য এ বইয়ের কিছু চুম্বক অংশ (২৫ মার্চ থেকে ৩১ মার্চ) ঈষৎ সম্পাদনা করে দুই কিস্তিতে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো প্রথম কিস্তি
২৫ মার্চ রাত সাড়ে আটটার দিকে ব্রিগেডিয়ার মাহমুদুর রহমান মজুমদার লেফটেন্যান্ট কর্নেল মুইদ উদ্দিনের বাড়ি থেকে তাঁর শ্বশুরবাড়ির দিকে চলে গেলেন। আমি আমার মামার গুলশানের বাড়ির উদ্দেশে রওনা হলাম। যাওয়ার সময় লক্ষ করলাম, পুরো সেনানিবাস ঘুটঘুটে অন্ধকারে ঢাকা। রাত ১২টার দিকে প্রচণ্ড গোলাগুলির আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। মনে মনে চিন্তা করতে থাকলাম, আমাদের এত দৌড়াদৌড়ি, এত প্রচেষ্টা—সব বুঝি ভেস্তে গেল। পাকিস্তানিদের বিরুদ্ধে সময়মতো জ্বলে ওঠার জন্য সুস্পষ্ট রাজনৈতিক নির্দেশ না থাকায় এবং সামরিক অভিযানের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধযুদ্ধ শুরুর প্রস্তুতির অভাবে এক নিমেষে ঢাকা শহর নির্জীব হয়ে গেল।
২৬ মার্চ সকালে মামার বাসায় রেডিও অন করে জানা গেল, সারা দেশে কারফিউ জারি করা হয়েছে। রাতে ঠিক করেছিলাম, সকালেই বেরিয়ে পড়ব। কিন্তু সেটা সম্ভব হলো না। কারফিউর মধ্যেই আমি সকাল নয়টার দিকে মামার বাসা থেকে বেরিয়ে পড়লাম। গুলশান ২ নম্বরে খেলার মাঠের কাছে পার্কে ছিল আর্মি ক্যাম্প। আমি সেখানে উপস্থিত হলাম। সেখানে দায়িত্বরত পাকিস্তানি লেফটেন্যান্ট হাফিজকে বললাম, সেনানিবাসের ভেতরে সেনা কর্মকর্তা মুইদ উদ্দিনের বাসায় আমি যেতে চাই। কিছুক্ষণ পর সেখানে আসেন পাকিস্তানি কর্নেল আনোয়ার শাহ। তিনি আমাকে সেনানিবাসে যাওয়ার পরিবর্তে শহরে বাবা-মায়ের কাছে যাওয়ার কথা বললেন। তাঁর কথার মধ্যে কিছুটা আন্তরিকতার সুর পেলাম। আমি এই সুযোগটা কাজে লাগালাম। তাঁকে ব্রিগেডিয়ার মজুমদারের বড় ভাইয়ের বাড়ির ঠিকানা দিয়ে বললাম, ওখানে আমার চাচা থাকে। আমাকে ওখানে পৌঁছে দিতে বললাম। আনোয়ার শাহ রাজি হলেন।
এ সময় সেখানে দেখতে পেলাম ইপিআরে প্রেষণে থাকা বাঙালি ক্যাপ্টেন আবদুল লতিফকে (পরে মেজর জেনারেল)। তিনি ঢাকা প্রেসক্লাবের সামনে ইপিআরের একটি দল নিয়ে দায়িত্বরত ছিলেন। কর্নেল আনোয়ার শাহ তাঁকে নিরস্ত্র করে সঙ্গে করে এনেছেন। লতিফ ফিসফিস করে আমাকে বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল, রাজারবাগ পুলিশ লাইনস, পিলখানা ও ঢাকা শহরের অন্যান্য স্থান পাকিস্তানিরা প্রায় ধূলিসাৎ করে ফেলেছে। বস্তি এলাকাসহ অন্যান্য স্থানে হাজার হাজার লোককে সেনাবাহিনী মেরে লাশ গুম করেছে বা মাটিচাপা দিয়েছে। বঙ্গবন্ধুকে অপারেশনের প্রথম প্রহরেই গ্রেপ্তার করা হয়েছে।
ইতিমধ্যে কয়েকজন দূতাবাসপ্রধান সেখানে এলেন। আনোয়ার শাহ তাঁদের বললেন, নিরাপত্তার কারণে এই মুহূর্তে তাঁদের অফিসে যাওয়া ঠিক হবে না। পরিস্থিতি শান্ত হলে তিনি নিজে তাঁদের অফিসে পৌঁছে দেবেন। সবাই আনোয়ার শাহর কথা শুনে চলে গেলেন। একমাত্র ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার অফিসে যাওয়ার জন্য জোরাজুরি করতে থাকেন। একপর্যায়ে তিনি আনোয়ার শাহকে বলেন, ‘do you know with whom you are talking to?’ আনোয়ার শাহ বলেন, ইয়েস স্যার। ডিপুটি হাইকমিশনার বলেন, ‘I have to inform my government immediately.’ আনোয়ার শাহ বলেন, ‘When situation permits, I assure you I will escort you to your office. Please do not venture to go out of Gulshan. ডেপুটি হাইকমিশনার বললেন, ‘Colonel you can not run this country in this way.’ তারপর তিনি চলে গেলেন।
এরপর আনোয়ার শাহ আমাকে বললেন তাঁর সঙ্গে শহরে যেতে। বাঙালি ক্যাপ্টেন লতিফকেও তিনি গাড়িতে নিলেন। শহরে যাওয়ার পথে দেখলাম, প্রধান রাস্তা ময়মনসিংহ রোডের (কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ) পাশে আওলাদ হোসেন মার্কেটে তখনো আগুন জ্বলছে। মার্কেটটি গোলার আঘাতে সম্পূর্ণভাবে ধ্বংস। রাস্তার ব্যারিকেড পাশে দোমড়ানো-মোচড়ানো। আগুনে পুড়ে খাক হওয়া চার-পাঁচটি মৃতদেহ রাস্তার পাশে পড়ে আছে। মার্কেটের ভেতরে ঘুমন্ত অবস্থায় অনেক দোকানবাসী নিহত হয়েছেন বলে মনে হলো। রাস্তায় ট্যাংক চলাচলের সুনির্দিষ্ট চিহ্ন দেখা যাচ্ছিল।
হোম ইকোনমিকস কলেজের পাশে রেললাইনের কাছাকাছি যাওয়ার পর গোলাগুলির আওয়াজ শুনতে পেলাম। রেললাইনের পাশ দিয়ে অসংখ্য বস্তিতে আগুন দেওয়া হয়েছে। তখনো আগুন জ্বলছে। এখানে-ওখানে পড়ে আছে অগণিত লাশ। আনোয়ার শাহের সঙ্গে ছিল ওয়্যারলেস। তাঁর কথোপকথন শুনতে পাচ্ছিলাম। তাঁকে ইকবাল হলের দিকে না যাওয়ার জন্য বলা হচ্ছিল। একই সঙ্গে রাজারবাগ পুলিশ লাইন থেকে প্রায় ১০০ পুলিশের মৃতদেহ সরিয়ে ফেলার জন্য বার্তা শুনতে পেলাম।
শহর প্রদক্ষিণকালে বিভিন্ন রাস্তার মোড়ে বড় বড় ব্যারিকেড সরিয়ে রাখা অবস্থায় দেখলাম। মোড়গুলোতে তখনো ছোপ ছোপ রক্তের দাগ এবং দু-এক জায়গায় মৃতদেহ পড়ে আছে। মিরপুর ফায়ার ব্রিগেড অফিসে গিয়ে আনোয়ার শাহ লতিফকে তাঁর বাবার বাড়িতে যাওয়ার অনুমতি দিলেন। সেখানে দেখলাম, ইপিআরের প্রায় ২০০ বাঙালি সদস্যকে নিরস্ত্র করে রাখা হয়েছে। ওখানে একজন পাকিস্তানি মেজরকে দেখলাম। তিনি আনোয়ার শাহর কাছে রিপোর্ট করে ইংরেজিতে বললেন, ‘স্যার, ৩০০ বাঙালি পরিবারকে আমি হত্যা করেছি।’ আনোয়ার শাহ আমার দিকে তাকিয়ে বললেন, ‘Miscreants must be killed’ (দুষ্কৃতকারীকে অবশ্যই হত্যা করতে হবে)। আমি মাথা নেড়ে তাঁর কথায় সায় দিলাম। আনোয়ার শাহ আমাকে যাতে দুষ্কৃতকারীদের কাতারে শামিল না করেন, সে জন্যই আমি এ অভিনয় করলাম। আমার ব্যাপারে তাঁর মনে কোনো সন্দেহের উদ্রেক হলো না। আনোয়ার শাহ আমাকে ব্রিগেডিয়ার মজুমদারের বড় ভাই সাজ্জাদ মজুমদারের বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেলেন। তাঁকে এই বাড়ির ঠিকানাই আমার চাচার বাড়ির ঠিকানা হিসেবে বলেছিলাম। তিনি কোনো সন্দেহ করেননি।
২৭ মার্চ কারফিউ কয়েক ঘণ্টার জন্য শিথিল হলে আমি বিশ্ববিদ্যালয় এলাকায় গেলাম। বিশ্ববিদ্যালয় এলাকা দেখে মুইদের সেনানিবাসের বাসার উদ্দেশে রওনা হলাম। একজন ভদ্রলোক আমাকে তাঁর গাড়িতে সেনানিবাসের এমপি চেকপোস্ট পর্যন্ত লিফট দিলেন। (দ্বিতীয় কিস্তি আগামীকাল)