পড়ে আছে কোটি টাকার ট্রমা সেন্টার
সড়ক দুর্ঘটনাকবলিত মানুষের সেবায় বছর তিনেক আগে চট্টগ্রামের লোহাগাড়ায় একটি ট্রমা সেন্টার নির্মাণ করা হয়। তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত এ হাসপাতালে বিদ্যুতের সংযোগ না থাকায় এটি চালু করা যাচ্ছে না। এটি নির্মাণের দায়িত্ব ছিল গণপূর্ত বিভাগের ওপর।ওই বিভাগের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী আবুল মোমেন চৌধুরী প্রথম আলোকে বলেন, পাঁচ বছর আগে যখন দরপত্র আহ্বান করা হয়, তখন এতে সৌরবিদ্যুতের প্যানেল বসানোর সিদ্ধান্ত ছিল না। দুই বছর আগে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের একটি সিদ্ধান্ত অনুযায়ী, ট্রমা সেন্টারের মোট বিদ্যুৎ খরচের সাত ভাগ সৌরবিদ্যুতে করতে হবে বলে উল্লেখ করা হয়।নির্বাহী প্রকৌশলী জানান, সৌরবিদ্যুতের প্যানেল বসাতে ১০-১২ লাখ টাকা খরচ হবে। কিন্তু বরাদ্দ নেই। তাই ঠিকাদারি প্রতিষ্ঠান প্যানেল বসাচ্ছে না। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও ট্রমা সেন্টারটি বুঝে নিচ্ছে না।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের লাগোয়া কদুয়া ইউনিয়নে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবস্থিত। এর পাশেই রয়েছে ট্রমা সেন্টারটি। তিন তলা ভবনটির পাঁচ গজের মধ্যেই বিদ্যুতের একটি ট্রান্সফরমারের খুঁটি রয়েছে। সেখান থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ সরবরাহ করা হয়। হাসপাতালটিতে ২০টি শয্যা রয়েছে।জানা যায়, ২০০৭ সালের জুনে গণপূর্ত বিভাগের কার্যাদেশ নিয়ে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মার্ক কনস্ট্রাকশন লিমিটেড কাজ শুরু করে। শেষ হয় ২০০৮-এর শেষের দিকে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে ভবনটি হস্তান্তর করতে চাইলে শুরু হয় বিপত্তি।মার্ক কনস্ট্রাকশন লিমিটেডের কর্মকর্তা আবুল বশর বলেন, ‘নির্মাণ শেষে ট্রমা সেন্টারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে একাধিকবার হস্তান্তর করতে চেয়েছি। কিন্তু উনারা আমাদের কথা শোনেননি।’ তিনি দাবি করেন, ‘ট্রমা সেন্টারে বিদ্যুৎ সংযোগ দেওয়া আমাদের কাজ নয়।’উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) হাসান শাহরিয়ার কবির জানান, এখানে বিদ্যুৎ সংযোগ নেই। অস্ত্রোপচার কক্ষটি (ওটি) অসম্পূর্ণ।দোহাজারী হাইওয়ে থানার ওসি সামশুদ্দিন ভুঁইয়া জানান, চট্টগ্রাম-কক্সবাজার ১৫০ কিলোমিটার মহাসড়কের মধ্যে দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়ায় প্রায় দিনই সড়ক দুর্ঘটনা ঘটছে। গত দুই মাসে ১০-১২ জন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এ জন্য ট্রমা সেন্টারটি জরুরিভিত্তিতে চালু করা প্রয়োজন।