পড়ে আছে কোটি টাকার ভবন চেয়ারম্যানের দপ্তর দোকানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্ধারিত সরকারি ভবন রেখে দোকানে বসে দাপ্তরিক কাজ করছেন। নিরাপত্তার অজুহাত দেখিয়ে নির্বাচিত হওয়ার দশ মাসেও তিনি ওই ভবনে যাননি বলে অভিযোগ রয়েছে। এমনকি জেলা প্রশাসকের নির্দেশও তিনি উপেক্ষা করেছেন।এদিকে ইউনিয়ন পরিষদের (ইউপি) কোটি টাকার দ্বিতল ভবনটি দীর্ঘদিন ধরে অকেজো পড়ে আছে। ভবনটি পরাজিত চেয়ারম্যান প্রার্থীর বাড়ির পাশে। হামলার আশঙ্কায় বর্তমান চেয়ারম্যান সেখানে যান না। অবশ্য এ ব্যাপারে তিনি কোনো নিরাপত্তা চাননি বলে পুলিশ জানিয়েছে।মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, চেয়ারম্যানের এমন ভূমিকায় ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাঁর (চেয়ারম্যান) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।জানা গেছে, গত বছরের ১৬ এপ্রিল কুতুবজোম ইউপির নির্বাচন হয়। এতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান কবির আহমদকে পরাজিত করেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম। নির্বাচন চলাকালে ও নির্বাচনোত্তর সময়ে দুজনের সমর্থকদের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। গত ২৪ এপ্রিল শফিউল আলম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। এরপর থেকে তিনি বাড়ির পাশে বটতলী বাজারে তিনটি দোকানে অস্থায়ী কার্যালয় স্থাপন করেন। সেখানেই ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলছে। অথচ গত বছরের ১৬ নভেম্বর জেলা প্রশাসক ১৫ দিনের মধ্যে চেয়ারম্যানকে নির্দিষ্ট ভবনে তাঁর কার্যালয় স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন।সম্প্রতি সরেজমিনে মেহেরিয়াপাড়ায় স্থাপিত দ্বিতল ইউপি ভবনটি বন্ধ পাওয়া গেছে। ভবনের নিচের তলায় স্থানীয় কয়েকজন জাল তৈরির কাজ করছিলেন। তাঁদের একজন বললেন, ভবনটি পরাজিত চেয়ারম্যান প্রার্থীর বাড়ির সামনে। তাই বর্তমান চেয়ারম্যান নানা অজুহাত দেখিয়ে এখানে আসছেন না।কুতুবজোম ইউপির চেয়ারম্যান শফিউল আলম বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর নিরাপত্তার অভাবে ওই ভবনে গিয়ে অফিস করতে পারিনি।’ এখন সপ্তাহে এক দিন রোববার ওই ভবনে গিয়ে বিচার-সালিস কার্যক্রম চালান বলে দাবি করেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে তিনটি দোকানে অস্থায়ী কার্যালয় চলছে, সেগুলো তাঁর এক আত্মীয়ের। তাই ভাড়া দিতে হয় না।সাবেক চেয়ারম্যান কবির আহমদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। তাঁর ছেলে মোশারফ হোসেন জানান, তাঁরা বর্তমান চেয়ারম্যানকে কোনো হুমকি-ধমকি দেননি। উল্টো ইউপি ভবনে এসে অফিস করার অনুরোধ করেছেন।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, হামলার ভয়ে ইউপি ভবনে অফিস না করার বিষয় নিয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।