পড়ে আছে কয়েক লাখ বাঁশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা থেকে অন্যত্র বাঁশ পরিবহন বন্ধ থাকায় পাঁচ শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছেন। উপজেলার বাবুছড়া এলাকায় মাইনী নদীতে পড়ে আছে কয়েক লাখ বাঁশ। বাঁশ পরিবহন বন্ধের কারণে সরকার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। জানা গেছে, কর্ণফুলী পেপার মিল (কেপিএম) কর্তৃপক্ষ কাঁচামাল সংকটের অজুহাত দেখিয়ে দীঘিনালা থেকে কেপিএম ব্যতীত অন্য কোনো স্থানে বাঁশ পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে। বাঁশ ব্যবসায়ী, শ্রমিক ও নাড়াইছড়ি রেঞ্জ সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের উত্তর বন বিভাগের আওতাধীন দীঘিনালার নাড়াইছড়ি রেঞ্জে ৫৪ হাজার একর সংরক্ষিত বনাঞ্চলজুড়ে রয়েছে বাঁশ বাগান। বছরের আগস্ট থেকে মে মাস পর্যন্ত বাঁশ কাটার মৌসুম। আর জুন থেকে জুলাই বাঁশের প্রজনন মাস হিসেবে বাঁশ কর্তন ও পরিবহন সরকারিভাবে নিষেধ থাকে। বাঁশ কাটার মৌসুমে সরকারের রাজস্ব তহবিলে বাঁশপ্রতি এক টাকা ৭০ পয়সা রাজস্ব জমা দিয়ে স্থানীয় ব্যবসায়ীরা দেশের অন্যত্র বাঁশ পরিবহন করেন। আর কেপিএমকে দিলে সরকার বাঁশপ্রতি রাজস্ব পায় মাত্র ৪৪ পয়সা। কিন্তু কেপিএম কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ৭ অক্টোবর খাগড়াছড়ির জেলা প্রশাসক কেপিএমের ঠিকাদার ব্যতীত অন্যত্র বাঁশ পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। বাঁশ পরিবহনে নিষেধাজ্ঞা আরোপের পর কেমিএম-নিযুক্ত ঠিকাদার মোহাম্মদ ইদ্রিছ ২০১০ সালের ১৩ নভেম্বর ১০ ট্রাক বাঁশের জন্য ১৯ হাজার ৫০০ টাকা রাজস্ব জমা দেন এবং নয় ট্রাক বাঁশ নিয়ে যান। কেপিএমে বাঁশ পরিবহন করে লোকসান হওয়ায় ঠিকাদার দীঘিনালা থেকে আর বাঁশ পরিবহন করেননি এবং এখন পর্যন্ত অন্যত্র বাঁশ পরিবহনের ওপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়নি। ফলে বাঁশের সঙ্গে জড়িত পাঁচ শতাধিক শ্রমিক বেকার জীবনযাপন করছেন। বাঁশগুলো নষ্ট হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বাবুছড়া বাঁশ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক যুব লক্ষণ চাকমা বলেন, মাইনী নদীতে কয়েক লাখ বাঁশ পড়ে আছে। এই বাঁশগুলো বাবুছড়া এলাকার ৪০ জন ব্যবসায়ীর মূলধন। যদি এখন বৃষ্টি হয়, তাহলে ওই ব্যবসায়ীদের পথে বসতে হবে। কেপিএমের ঠিকাদার মোহাম্মদ ইদ্রিছ বলেন, ‘এখান থেকে বাঁশ নিয়ে পোষায় না। আমার নয় ট্রাক বাঁশে প্রায় ৩০ হাজার টাকা লোকসান হয়েছে। এর কারণ অন্য জায়গার বাঁশের ওজন হয় প্রতি গাড়ি ১৫ টন। আর এখানের বাঁশ হয় প্রতি গাড়ি মাত্র সাত থেকে আট টন।’ নাড়াইছড়ি রেঞ্জ সূত্র জানায়, ২০০৯ সালের আগস্ট থেকে ২০১০ সালের মে পর্যন্ত বাঁশ থেকে রাজস্ব আয় হয়েছে ৭৫ লাখ টাকা। আর বাঁশ পরিবহনে নিষেধাজ্ঞা থাকায় ২০১০ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আয় হয়েছে মাত্র দেড় লাখ টাকা। নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা বলেন, এখান থেকে বাঁশ এখন কেপিএম নিচ্ছে না। সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা না হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাবে এবং বাবুছড়া এলাকার কয়েক শ শ্রমিক বেকার থাকবে।