বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাব্বিরজান-পাকুড়িয়া সড়কটি চলাচলকারীদের জন্য এখন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আগে মানুষ কাঁচা সড়কে ভালোভাবেই চলাচল করতে পারত। কিন্তু আরও ভালোভাবে চলাচলের জন্য সড়কটি পাকাকরণের কাজ মাঝপথে বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।ঠিকাদার এক বছরেরও বেশি সময় আগে ওই সড়কে ইটের খোয়া বিছিয়ে ফেলে রেখেছেন। কিন্তু এখনো পিচ ঢালা হয়নি। তাই এলাকার প্রায় ৪০ হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০১০-১১ অর্থবছরে ওই সড়কের দুই কিলোমিটার পাকাকরণের দরপত্র আহ্বান করা হয়। ৬৮ লাখ ছয় হাজার ৬৩২ টাকায় কাজটি পায় মেসার্স নাহার এন্টারপ্রাইজ। পরে জুবায়ের হাসান নামে এক ঠিকাদার কাজটি কিনে নেন। ওই সড়ক পাকাকরণের পাশাপাশি নালা ও কালভার্ট নির্মাণের কথাও দরপত্রে উল্লেখ ছিল। ২০১১ সালের ১৫ জানুয়ারি এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান কাজের উদ্বোধন করেন। ২০১১ সালের ১৫ অক্টোবরের মধ্যে সড়কের কাজ শেষ হওয়ার কথা ছিল। সংশ্লিষ্ট ঠিকাদার ওই সড়কের সাব্বিরজান এলাকা থেকে কাজ শুরু করেন। ইটের খোয়া আর বালু ফেলে সেগুলো রোলার দিয়ে শক্ত করার পর নির্মাণসামগ্রীর দাম বেশি হওয়া ও তহবিল-সংকটের অজুহাত দেখিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময় এলজিইডি বারবার তাগাদা দিলেও ঠিকাদার কাজে হাত দেননি। গত মঙ্গলবার সড়কে গিয়ে দেখা গেছে, ইটের খোয়া ও বালুর কাজ করে ফেলে রাখা হয়েছে। সড়কের বিভিন্ন জায়গায় ইটের খোয়া উঠে যাচ্ছে। এতে করে ওই সড়কে চলাচলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।এলাকাবাসী জানান, সড়কটি পাকাকরণের দাবি ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের। দুই বছর আগে যখন ওই এলাকার মানুষ জানতে পারেন সড়কটি পাকাকরণ শুরু হচ্ছে, তখন তাঁরা যারপরনাই খুশি হন। কিন্তু কাজ শুরুর কিছুদিন পরই তাঁদের মুখের হাসি মুখেই মিলিয়ে গেছে। ভ্যানচালক আবদুর রহমান (৬০) বলেন, এক বছর ধরে সড়কটা এভাবে পড়ে রয়েছে। বৃষ্টির পানিতে ইটের খোয়াগুলো উঠে গিয়ে অনেক জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। মালবোঝাই ভ্যান ঠেলে নিয়ে যেতে এখন বড় কষ্ট হয়। রিকশাভ্যানচালক তাজুল ইসলাম (৪৫) জানান, সড়কের এই অংশে মালবোঝাই ভ্যান ঠেলে নিয়ে যেতে তাঁর অনেক কষ্ট হয়। এ কারণে এই সড়ক দিয়ে আর ভাড়া খাটতে চান না। স্থানীয় দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম জানান, এক বছরের বেশি সময় হবে ওই সড়কে খোয়া ফেলা হয়েছে। আর এ কারণে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিষয়টি তিনি উপজেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বলেছেন। এ ব্যাপারে ঠিকাদার জুবায়ের হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তহবিলের অভাব ও পিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কাজ বন্ধ রাখা হয়েছে।’ শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী শামসুল আলম জানান, তহবিল-সংকটের কারণে ঠিকাদার কাজ করতে পারছেন না। তবে অচিরেই এ সমস্যা কেটে যাবে।