
বিক্রি না হওয়ায় খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে পড়ে আছে কোটি কোটি টাকার পণ্য। এ কারণে টাকা আটকে আছে পাটকলগুলোতে। তা ছাড়া এই পণ্য সরবরাহ করে খাদ্য অধিদপ্তরের কাছেও টাকা আটকে আছে। এসব কারণে পাটকল শ্রমিকদের মজুরি বকেয়া পড়ে যাচ্ছে।
মিল-সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, চাতালমালিকদের নিজেদের পাটের বস্তা তৈরি ও বেসরকারি পাটকলগুলো থেকে পণ্য কেনায় রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর প্যাকেজিং অ্যাক্টের পণ্য মজুত পড়ে আছে।
তা ছাড়া বেশি লাভের আশায় এসব মালিক প্রশাসনকে ম্যানেজ করে ফেলেছেন। এ কারণে আগের মতো আর তদারকি হয় না। ফলে পাটের বস্তার চাহিদা একেবারে কমে গেছে। তাঁদের আরও অভিযোগ, ট্রাকে পণ্য আনা-নেওয়ার সময় নিচের দিকে রাখা হয় প্লাস্টিকের বস্তা আর ওপরে দৃশ্যমান অংশে থাকে পাটের বস্তা।
সরকার ছয়টি পণ্যের মোড়কে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করতে ‘পণ্যের মোড়কীকরণে পাটের ব্যবহার বাধ্যতামূলক আইন-২০১০’ পাস করে।
তবে এই অঞ্চলে ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট শতভাগ বাস্তবায়িত হচ্ছে দাবি করে পাট অধিদপ্তরের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক করিম বিশ্বাস বলেন, ‘জানুয়ারি মাসের মধ্যেই আমরা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলে ছয়টি পণ্যে পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করেছি।
এ সময় এসব এলাকায় প্রতিনিয়ত অভিযানও চালানো হতো। এখনো মাঝে মাঝে অভিযান চলে। সব জায়গায় এখনো পাটের বস্তার ব্যবহার প্রায় শতভাগ দেখতে পাচ্ছি।’
বিজেএমসির খুলনা অঞ্চলের সমন্বয়ক মহব্বত আলী মিয়া জানান, খুলনা অঞ্চলের পাটকলগুলোতে এখন প্রায় ১৩ হাজার ৪০০ মেট্রিক টনের মতো প্যাকেজিং অ্যাক্টের বস্তা মজুত আছে।
এই বস্তা বিক্রির জন্য বিজেএমসির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তা ছাড়া এ পণ্য সরবরাহ করে খাদ্য অধিদপ্তরের কাছে আটকে আছে ৭ থেকে ১০ কোটি টাকা। তিনি আশা করছেন, শিগগিরই শ্রমিকদের মজুরিসংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাবে। খুলনা অঞ্চলে মোট নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকল রয়েছে। এর মধ্যে খুলনায় রয়েছে সাতটি ও যশোরে দুটি। এ নয়টি পাটকলের মধ্যে দুটি চলছে শ্রমিকদের দিনভিত্তিক মজুরি দিয়ে। ছয়টি আছে সরকারের অধীনে। আর একটি সম্প্রতি ব্যক্তিমালিকানায় হস্তান্তর হওয়ায় শ্রমিকদের আন্দোলনের মুখে বন্ধ রয়েছে।
রাষ্ট্রমালিকানায় থাকা সাতটি পাটকলে শ্রমিকদের মজুরি বকেয়া রয়েছে ৪ থেকে ১৬ সপ্তাহ। এ কারণে শ্রমিকেরা পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন ৪ এপ্রিল থেকে। পাশাপাশি ৫ এপ্রিল থেকে টানা তিন দিন সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত পালন করেছেন রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি। খুলনা-ঢাকা মহাসড়কের খুলনার দুটি ও যশোরের একটি অংশে এ কর্মসূচি চলছে।
রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর কর্মকর্তাদের দাবি, অভিযান চলাকালে প্রথম প্রথম বস্তার খুব চাহিদা ছিল। কিন্তু এখন সেই চাহিদা কমে গেছে। চাতালের মালিক ও অন্য ব্যবসায়ীরা পাটের কাপড় কিনে নিয়ে বস্তা তৈরি করছেন। তা ছাড়া বেসরকারি পাটকলগুলো নিম্নমানের বস্তা তৈরি করে কম দামে বাজারে বিক্রি করছে।
এ কারণে পাটকলগুলোতে প্যাকেজিং অ্যাক্টের বস্তা মজুত পড়ে আছে। তা ছাড়া চাহিদা না থাকায় বাইরেও বিক্রি করা যাচ্ছে না।
বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন খালিশপুর জুট মিল লিমিটেডের বিপণন শাখার বিভাগীয় প্রধান মো. আনোয়ার হোসেন জানান, বর্তমানে প্যাকেজিং অ্যাক্টের জন্য তৈরি বস্তার চাহিদা ২০ শতাংশও নেই। তাঁদের মিলে ১৫ কোটি টাকার বেশি বস্তা তিন মাস ধরে পড়ে আছে।
প্লাটিনাম জুট মিলেও পড়ে আছে প্রায় ১০ কোটি টাকার মতো পণ্য।
ওই মিলের বিপণন শাখার উপমহাব্যবস্থাপক এস এম মঈনুল করিমের দাবি, চাতালের মালিকেরা কৌশলে প্লাস্টিকের বস্তায় পণ্য কেনাবেচা করছেন।