বরিশাল সরকারি মৎস্য অবতরণকেন্দ্র মাত্র দুই বছর প্রাণচঞ্চল থাকার পর পুনরায় বন্ধ হয়ে গেছে। ৫৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রটি বন্ধ থাকায় সরকার প্রতিবছর প্রায় দেড় কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। ব্যবসায়ীরা এখান থেকে চলে যাওয়ায় কেন্দ্রটি বন্ধ হয়ে গেছে।বাংলাদেশ মৎস্য উন্নয়ন কেন্দ্রের বরিশাল কার্যালয় সূত্র জানায়, ১৯৮৫ সালে ৫৭ কোটি টাকায় নগরের বান্দ রোড এলাকায় কীর্তনখোলা নদীর তীরে মৎস্য অবতরণকেন্দ্রটি নির্মাণ করা হয়। ২২ বছর পরিত্যক্ত থাকার পর ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার কেন্দ্রটি চালু করে। কিন্তু রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ১৩ জুলাই সরকারি স্থাপনা ছেড়ে ব্যবসায়ীরা পুরোনো অবৈধ স্থাপনায় ফিরে যান। একই সঙ্গে বেকার হয়ে যান ওই কেন্দ্রে নিয়োজিত ২৮ জন কর্মকর্তা-কর্মচারী।বাংলাদেশ মৎস্য উন্নয়ন কেন্দ্র বরিশালের হিসাবরক্ষক রবিউল আউয়াল জানান, এখান থেকে বছরে সরকারি কোষাগারে প্রায় দেড় কোটি টাকা রাজস্ব জমা হতো। ব্যবসায়ীরা এখান থেকে চলে যাওয়ায় বন্ধ হয়ে গেছে অবতরণকেন্দ্রটি। এ কারণে সরকার একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে এখানকার কর্মচারীদের বেতন-ভাতা দিতে হচ্ছে।বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের দায়িত্বশীল একটি সূত্র জানায়, নিয়ম অনুযায়ী কোনো এলাকায় মাছের সরকারি বাজার থাকলে মাছের পাইকারি কেনাবেচা সেখানেই করতে হয়। আধুনিক বরফকল, পাইকারদের আবাসনব্যবস্থা এবং পানি ও মাছ উত্তোলনের সুবিধাসংবলিত বরিশাল মৎস্য অবতরণকেন্দ্র নির্মাণ করে সরকার। আধুনিক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও নিয়ম অমান্য করে অবৈধ ইলিশ মার্কেট টিকিয়ে রাখতেই ব্যবসায়ীরা তাঁদের পুরোনো অবৈধ স্থাপনায় ফিরে গেছেন। মূলত সরকারি কোষাগারে রাজস্ব জমা না দিয়ে নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করার জন্যই তাঁরা এখান থেকে অবৈধ স্থানে ফিরে গেছেন।স্থানীয় সূত্রগুলো জানায়, বহু বছর আগে বরিশালের ১২৫ জন ইলিশ ব্যবসায়ী নগরের পোর্ট রোড এলাকায় বিআইডব্লিউটিএ ও সরকারের খাসজমিতে অবৈধ ইলিশ মোকাম গড়ে তোলেন। ২০০৭ সালের জুনে তত্ত্বাবধায়ক সরকার পোর্ট রোডের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ব্যবসায়ীদের সরকারি মৎস্য অবতরণকেন্দ্রে যেতে বাধ্য করে। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে অবৈধ স্থাপনা টিকিয়ে রাখতে মৎস্য ব্যবসায়ীরা পুরোনো অবৈধ স্থাপনায় ফিরে আসেন। বরিশাল মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সভাপতি অজিত দাস জানান, শুরু থেকে এখানে মৎস্য ব্যবসাকে কেন্দ্র করে বিভিন্ন স্থাপনা গড়ে ওঠায় এখান থেকে কেউ সরকারি মৎস্য অবতরণকেন্দ্রে যেতে চান না। আর ওই কেন্দ্রে জায়গার সংকটও রয়েছে। তা ছাড়া নিরাপত্তার দিক থেকেও সমস্যা হতো।বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপক এ কে এম নূর মোহাম্মদ জানান, দেশের অন্য কোথাও অবতরণকেন্দ্র ছাড়া মাছ কেনাবেচার সুযোগ না থাকলেও বরিশালেই একমাত্র ব্যতিক্রম হিসেবে অবৈধ স্থাপনায় বাজার বসানো হয়েছে। মৎস্য অবতরণকেন্দ্রে জায়গাসংকট নেই।