পড়ে আছে সাড়ে চার কোটি টাকার সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ও কেশবপুর ইউনিয়নের সড়কপথে সরাসরি যোগাযোগের জন্য নুরাইনপুর-ভরিপাশা নদীর ওপর মূল সেতুর নির্মাণকাজ শেষ হয় ২০০৮ সালে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি সাধারণ মানুষের কাজে আসছে না। সূর্যমণি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, কোটি কোটি টাকা ব্যয়ে সরকার সেতুটি নির্মাণ করার পরও মানুষ এর থেকে কোনো উপকার পাচ্ছে না। দুই বছর পেরিয়ে গেলেও সেতুর সংযোগ সড়ক নির্মিত হয়নি। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) পটুয়াখালীর কার্যালয় সূত্র জানায়, সেতুটির নির্মাণকাজ শেষ হয় ২০০৮ সালের ১৭ জুলাই। ১৫০ দশমিক ১০ মিটার দীর্ঘ ও ৫ দশমিক ৮৫ মিটার প্রস্থের সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে চার কোটি ৫১ লাখ ৫০ হাজার ৪৪৭ টাকা। এদিকে নদীর দুই পাড়ে সংযোগ সড়কের জন্য ৯৪ লাখ ৮৮ হাজার ৫৯ টাকা বরাদ্দ পেয়ে ২০০৭-০৮ অর্থবছরে দরপত্র আহ্বান করা হয়। ২০০৮-এর ১২ মে কার্যাদেশ দেওয়া হয় ঠিকাদারকে। কিন্তু জমি অধিগ্রহণ না হওয়ায় সড়কের নির্মাণকাজ শুরু করতে পারেননি ঠিকাদার। তবে সরকারের কৃষি খাত সহায়তা কর্মসূচি-২, গ্রামীণ সড়ক ও হাটবাজার সংযোগ অবকাঠামো উন্নয়ন (অঙ্গ-৩) প্রকল্পের আওতায় সেতুর দুই পাড়ে সংযোগ সড়ক নির্মাণে জমি অধিগ্রহণের জন্য প্রশাসনিক অনুমতি পাওয়া গেছে। ইতিমধ্যে সেতুর পশ্চিমে নুরাইনপুন এলাকায় ১ দশমিক ৭৭ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৩১ লাখ ২১ হাজার ৮৬২ টাকা। তবে সেতুর ভরিপাশা অংশে সড়ক নির্মাণের জন্য ৩ দশমিক ০৬৭৮ একর জমি প্রয়োজন। জমি অধিগ্রহণে অর্থ বরাদ্দ না পাওয়ায় সড়কের নির্মাণকাজ শুরু করতে পারেনি এলজিইডি। এলজিইডি বাউফল উপজেলার প্রকৌশলী মো. ইউনুচ চলতি বছরেই সব কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।