পড়ে আছে ১৮ হাজার মেট্রিক টন লোহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ১৮ হাজার মেট্রিক টন লোহা (স্ক্র্যাব)। অনেকে বলছেন, এসব লোহা দিয়ে গড়ে উঠতে পারে রেলের নিজস্ব একটি ইস্পাত কারখানা।
সরেজমিনে গতকাল রোববার দেখা যায়, সৈয়দপুর রেলওয়ে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রকের (ডিসিওএস) কার্যালয়ের উন্মুক্ত আঙিনায় (ইয়ার্ড) বিপুল পরিমাণ লোহা পড়ে আছে।
রেলওয়ে কারখানা সূত্রে জানা গেছে, কেবল ডিসিওএস ইয়ার্ডে নয়, রেলওয়ে কারখানাতেও সব মিলিয়ে পড়ে আছে ১৮ হাজার মেট্রিক টন পরিত্যক্ত লোহা। কারখানায় মেরামতকাজে ব্যবহৃত আমদানিকৃত লোহার ছাট (কাটিং) ও রেলের পরিত্যক্ত কোচ, চাকা, যন্ত্রাংশ ইত্যাদির পরিমাণ প্রতিদিনই বাড়ছে। রেলওয়ের পরিত্যক্ত লোহা সংগ্রহ করে ডিসিওএস কার্যালয়। তা ওই বিভাগের গুদামে মজুত করা হয়। পরে নিলাম ডাকের মাধ্যমে পরিত্যক্ত লোহা বিক্রি করা হয় দেশের বিভিন্ন রি-রোলিং কারখানায়। অতীতে প্রায় ৬০ হাজার টাকা পর্যন্ত দাম উঠেছিল প্রতি টন লোহার। বর্তমানে এর বাজার নিম্নমুখী। নেমে এসেছে মাত্র ১৮ হাজার টাকায়। ফলে লোহা বিক্রি কমে গেছে। এ অবস্থায় তিন বছর ধরে ডিসিওএস গুদাম ও কারখানার ইয়ার্ডে লোহার স্তূপ বাড়ছে।
সৈয়দপুর রেলওয়ে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক বেলাল হোসেন সরকারের সঙ্গে কথা বললে তিনি পরিত্যক্ত লোহার মজুত বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে তিনি এ নিয়ে আর কিছু বলতে চাননি।
এ প্রসঙ্গে কথা হয় রেলওয়ের অবসরপ্রাপ্ত প্রকৌশলী নূরুজ্জামান জোয়ার্দারের সঙ্গে। তিনি বলেন, রেলকোচ মেরামত, যন্ত্রাংশ তৈরি ইত্যাদি কাজে প্রতিবছর রেলওয়ে সরঞ্জাম বিভাগ শত শত টন লোহা আমদানি করছে। অথচ মজুত গড়ে ওঠা এসব লোহা দিয়েই এখানেই রেলযানের আট প্রকারের চ্যানেল, আট প্রকার অ্যাঙ্গেল, ২০ ধরনের রাউলবার, ২০ ধরনের হেক্সবার, সেন্টার কী ভোল্ট, এমএস সিটসহ প্রভৃতি খুচরা যন্ত্রাংশ তৈরি সম্ভব। এ জন্য অল্প কিছু বিনিয়োগ করলেই সৈয়দপুর কারখানার অভ্যন্তরেই গড়ে উঠতে পারে পৃথক একটি ইস্পাত কারখানা। এমনটি হলে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার ট্রেড ইউনিয়ন রেলওয়ে শ্রমিক লীগ কারখানা শাখার সম্পাদক মোখছেদুল মোমিন বলেন, পরিত্যক্ত লোহা যাতে কাজে লাগানো যায়, তা নিয়ে ভাবা উচিত। কর্তৃপক্ষ এ ব্যাপারে ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
রেলওয়ে শ্রমিক ইউনিয়ন কারখানা শাখার সম্পাদক শেখ রোবায়তুর রহমান বলেন, ‘কারখানায় লোহার স্তূপ গড়ে উঠলে অপরাধপ্রবণতা বেড়ে যায়। এসব চুরি হওয়ার আশঙ্কা থাকে। কাজেই দ্রুত এসব বিক্রি বা কাজে লাগানোর ব্যাপারে দাবি জানাচ্ছি।’