পড়ে আছে ২১৫ কোটি টাকার চিনি, বেতন নেই দুই মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দামের তারতম্যের কারণে নাটোরের দুটি চিনিকলের গত তিন মৌসুমে উৎপাদিত ৪৩ হাজার মেট্রিক টন চিনি এখনো বিক্রি হয়নি। অবিক্রীত এই চিনির দাম ২১৫ কোটি টাকা। অথচ টাকার অভাবে কর্তৃপক্ষ আখচাষি ও কর্মকর্তা-কর্মচারীদের পাওনা ৩৪ কোটি টাকা দিতে পারছে না। গুদামে জায়গা না থাকায় এখন চিনি রাখতে হচ্ছে ক্লাবঘর, আনসার ব্যারাকসহ কারখানা দুটির বিভিন্ন স্থাপনায়। নাটোর ও নর্থবেঙ্গল সুগার মিল সূত্রে জানা গেছে, এ দুটি কারখানার উৎপাদিত চিনির দাম প্রতি কেজি ৫০ টাকা (মিল রেট)। অথচ বেসরকারি পর্যায়ে উৎপাদিত চিনির দাম প্রতি কেজি ৪৩ টাকা। দামের এই তারতম্যের কারণে ডিলাররা মিল থেকে চিনি কিনছেন না। ফলে নর্থবেঙ্গল সুগার মিলে ২০১০-১১ সালে উৎপাদিত ৫৩৫ মেট্রিক টন, ২০১১-১২ সালের ছয় হাজার মেট্রিক টন ও ২০১২-১৩ মৌসুমে উৎপাদিত ১৭ হাজার ৪৬৫ মেট্রিক টন চিনি মজুত রয়েছে। এখনো চিনি উৎপাদন অব্যাহত রয়েছে। নাটোর সুগার মিলে তিন বছরের মিলিয়ে ২২ হাজার মেট্রিক টন চিনি মজুত রয়েছে। গত সোম ও মঙ্গলবার (৮ ও ৯ এপ্রিল) ওই দুটি কারখানায় সরেজমিনে দেখা গেছে, গুদামে জায়গা না থাকায় কর্তৃপক্ষ উৎপাদিত চিনি ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) ডাকবাংলো, মহিলা ক্লাব, অফিসার্স ক্লাব, আনসার ব্যারাক, প্রশিক্ষণকেন্দ্র, সম্মেলন কক্ষসহ খোলা জায়গায় মজুত রেখেছে। এতে চিনির গুণগত মান ও ওজন কমছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা। নাটোর চিনিকলের ডিলার সন্তোষ বসাক বলেন, বাজারে সরকারি ও বেসরকারি পর্যায়ে উৎপাদিত চিনির দরে অনেক পার্থক্য। তাই ক্রেতারা মিলের চিনি কিনছেন না। সূত্র জানায়, এ পর্যন্ত নর্থবেঙ্গল সুগার মিলে চাষিদের ১২ কোটি টাকা ও নাটোর সুগার মিলে ১৫ কোটি টাকা পাওনা রয়েছে। এ ছাড়া মিলের কর্মকর্তা-কর্মচারীরা গত দুই মাসের বেতন-ভাতা পাওনা আছেন। সব মিলিয়ে দুটি মিলের বকেয়া ৩৪ কোটি টাকা। চিনি বিক্রি করা সম্ভব হলে এই টাকা খুব সহজেই পরিশোধ করা যাবে। আখ বিক্রির টাকা না পেয়ে চাষিরা দাদন ব্যবসায়ীদের কাছে ধরনা দিচ্ছেন। তাঁরা আখের দাম বাবদ কারখানার দেওয়া বিলপ্রতি হাজারে ১০০ টাকা কমে দাদন ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন। বাংলাদেশ আখ চাষি সমিতির সাধারণ সম্পাদক আনসার আলী বলেন, ‘আমরা মাথার ঘাম পায়ে ফেলে আখ উৎপাদন করেছি। অথচ আখ বিক্রি করে এখন টাকা পাচ্ছি না। দাদন দিয়ে বিল ভাঙাতে হচ্ছে।’ নর্থবেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান চিনি বিক্রি না হওয়া ও পাওনা পরিশোধ করতে না পারার বিষয়টি স্বীকার করে বলেন, পাওনা পরিশোধের জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়া হচ্ছে। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) আমিনুল হক জানান, চিনির দাম না বাড়ালে এ শিল্পকে টিকিয়ে রাখা যাবে না। কারণ, বর্তমানে প্রতি কেজি চিনি উৎপাদনে আমাদের খরচ হচ্ছে প্রায় ৮০ টাকা। অথচ তা ৫০ টাকা দরে বিক্রি করতে পারছি না। সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় করে দাম পুনর্নির্ধারণ করা হবে।