পড়ে আছে ৪০ হাজার টন সার

খুলনার কয়েকটি স্থানে খোলা আকাশের নিচে পড়ে আছে ৪০ হাজার টন সার। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গুদামে জায়গা না থাকায় খোলা আকাশের নিচে ত্রিপলে মুড়িয়ে রাখা হয়েছে। এক বছরের বেশি সময় এভাবেই সারগুলো রাখা আছে। তবে বিএডিসির দাবি, এভাবে রাখলেও সার নষ্ট হচ্ছে না।
স্থানীয় বিএডিসি সূত্র জানায়, গত অর্থবছরে মরক্কো, কানাডা ও সৌদি আরব থেকে ট্রিপল সুপার ফসফেট (টিএসপি), মিউরেট অব পটাশ (এমওপি) ও ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি)—এই তিন ধরনের সার আমদানি করা হয়। খুলনা ও উত্তরাঞ্চলের কৃষকের জন্য আমদানি করা সার মোংলা বন্দর হয়ে খুলনায় আনা হয়। ছয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান মোংলা বন্দর থেকে সারগুলো খুলনায় নিয়ে আসছে। বিএডিসির গুদামে ঢুকানোর আগ পর্যন্ত সেগুলো ঠিকাদারদের তত্ত্বাবধানেই থাকছে। এ জন্য বিএডিসি রক্ষণাবেক্ষণ খরচ দিচ্ছে ঠিকাদারদের।
আমদানি করা এসব নন–ইউরিয়া সার রাখা হয়েছে ভৈরব নদের তীরে রুজভেল্ট জেটি, খুলনা ওয়াসা ভবনের সামনে, ফুলবাড়ি গেটে মূল সড়কের পাশে, এজেক্স জুট মিলের ভেতরে ও শিরোমনি এলাকায়। নিচে বালুর ডিবি তৈরি করে তার ওপর স্তূপ করে সার রাখা হয়েছে। ত্রিপল দিয়ে মুড়িয়ে রাখার পরও গেল বর্ষায় কিছু জায়গায় পানি জমে সার ক্ষতিগ্রস্ত হয়। ৫ নম্বর ঘাট এলাকায় কিছুদিন আগে পানি জমে সবুজ রং ধারণ করেছিল। সারের প্যাকেটের গায়ে হুক ব্যবহার না করার নির্দেশনা দেওয়া আছে। কিন্তু শ্রমিকদের হুক ব্যবহার করেই সারের বস্তা গাড়িতে তুলতে ও নামাতে দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৭ জুলাই ঢাকায় বিএডিসির একটি বৈঠকে এ বিষয়টি তোলা হয়েছিল। তখন বিএডিসি জানায়, ঠিকাদারেরাই সার সংরক্ষণ করবে। বিএডিসির গুদামে সার ঢুকানোর পর থেকে বিএডিসির দায়িত্ব।
বিএডিসির (খুলনা) যুগ্ম পরিচালক (সার) প্রশান্ত কুমার সাহা প্রথম আলোকে বলেন, এখন ৪০ হাজার টন সার এভাবে রাখা আছে। গত বছরের জুন–জুলাই মাসে এগুলো আনা হয়েছে। এগুলো এখনো বিএডিসির নিয়ন্ত্রণে আসেনি। এভাবে সার আসতেই থাকবে। বিএডিসির স্থানীয় গুদামের ধারণক্ষমতা ১৩ হাজার টন। এখন তাঁদের কিছু করার নেই। এখানে গুদাম ভাড়াও পাওয়া যায় না। তিনি বলেন, ত্রিপল দিয়ে এয়ারটাইড করে রাখলে নন–ইউরিয়া সার ভালো থাকে। নিচে বালু দেওয়া হয়েছে। তবে বেশি পানি জমে গেলে সমস্যা হবে।
বিএডিসি জানায়, পোটন ট্রেডার্স লিমিটেড, সাউথ ডেল্টা শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেড, বাল্ক ট্রেড ইন্টারন্যাশনাল, নবাব অ্যান্ড কোম্পানি, এম এস কে শিপ ম্যানেজমেন্ট অ্যান্ড চার্টারিং লিমিটেড ও তাইবা সাইফুল্লাহ নামের ছয়টি প্রতিষ্ঠান এসব সার পরিবহনের ঠিকাদারি করছে।
পোটন ট্রেডার্স লিমিটেডের স্বত্বাধিকারী কামরুল আশরাফ খান প্রথম আলোকে বলেন, গুদামের ধারণক্ষমতার চেয়ে বেশি পরিমাণে সার আমদানি করা হয়। এতে ঠিকাদারেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ, তাদের আলাদা জায়গা ভাড়া, পাহারা দেওয়া, একাধিকবার লোড–আনলোড করতে হয়। বিএডিসির গুদামে বুঝিয়ে দিতে না পারলে বিলও পাচ্ছে না। কিন্তু কোনো উপায় নেই, কৃষকের জন্য সার প্রয়োজন। এভাবে না হলে সংকট তৈরি হবে। দীর্ঘদিন ধরে এই সমস্যা হচ্ছে। কোনো সুরাহা হচ্ছে না।