পড়ে আছে ৬০ লাখ টাকার ছাত্রীনিবাস
নির্মাণের পাঁচ বছরেও চালু হয়নি ফরিদপুরের নারী শিক্ষার প্রধান বিদ্যাপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ২৪ শয্যার ছাত্রীনিবাসটি। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, সব আয়োজন থাকা সত্ত্বেও ছাত্রীদের আগ্রহ না থাকায় এটি চালু করা যাচ্ছে না।২০০৫-০৬ অর্থবছরে ৬০ লাখ টাকা ব্যয়ে ছাত্রীনিবাসটি নির্মাণ করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ২০০৬ সালের জুনে সেটি বিদ্যালয়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু বিগত পাঁচ বছরেও ছাত্রীনিবাসটি চালু করতে পারেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। সরেজমিনে দেখা গেছে, ছয়টি কক্ষ, রান্নাঘর ও খাবারঘরযুক্ত দ্বিতল ভবনের ওই ছাত্রীনিবাসটি তালাবদ্ধ অবস্থায় অকেজো পড়ে রয়েছে। ভবনের দোতলায় চারটি, নিচতলায় দুটিসহ মোট ছয়টি কক্ষে ২৪ জন ছাত্রীর থাকার ব্যবস্থা রয়েছে। নিচতলার দুটি কক্ষের পাশাপাশি রান্না ও খাবারঘর রয়েছে। ছাত্রীনিবাসের প্রয়োজনীয় আসবাব নষ্ট হয়ে যাচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্রীদের কাছ থেকে কোনো উৎসাহ না পাওয়ায় ছাত্রীনিবাসটি চালু করা যাচ্ছে না। প্রতিবছরই বিদ্যালয়ের নোটিশ বোর্ডসহ প্রতিটি ক্লাসে ছাত্রীদের কাছ থেকে নিবাসে থাকার জন্য আবেদন চাওয়া হয়। আগ্রহ দেখায় চার-পাঁচজন। তা ছাড়া ছাত্রীনিবাসে কিছু ত্রুটি রয়েছে। প্রধান শিক্ষক বেলা রানী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রীদের উৎসাহের অভাবেই নিবাসটি চালু করা যাচ্ছে না। এটি চালু হলে বিদ্যালয়ের পূর্বদিক থেকে একটি বিকল্প ফটক তৈরি করা সম্ভব।