পড়ে থাকাই সার!
সাড়ে তিন বছর আগে বরগুনায় একটি নৌ-অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়। কিন্তু আজ অবধি একজন রোগীও এতে পরিবহন করা হয়নি। স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, লোকবল ও জ্বালানি বরাদ্দে সংকট এবং স্থানীয় ব্যক্তিদের আগ্রহ না থাকায় এটি অব্যবহূত পড়ে আছে।স্থানীয় লোকজন বলছেন, নৌপথনির্ভর এ জেলায় এমন একটি অ্যাম্বুলেন্স আছে, সে তথ্যই তাঁরা জানেন না।জেলার পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত হাচানূর রহমান বলেন, ‘এ রকম একটি অ্যাম্বুলেন্স বরগুনায় আছে, সেটা আমার জানা ছিল না। অসুখ-বিসুখ হলে তখন কেউ অর্থের দিকে তাকায় না। মানুষ চায় জীবন বাঁচাতে। সে ক্ষেত্রে নৌপথনির্ভর এই জেলার জন্য এমন একটি অ্যাম্বুলেন্স চালু থাকলে কিছুটা হলেও রোগীরা জরুরি স্বাস্থ্যসেবা পেতে পারে।’জানা গেছে, ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের পর রোগীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ওষুধ প্রশাসন অধিদপ্তর প্রায় ২৮ লাখ টাকা মূল্যের এ অ্যাম্বুলেন্স বরগুনা জেনারেল হাসপাতালে সরবরাহ করে।জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, অ্যাম্বুলেন্সটি বরাদ্দ দেওয়ার সময় তাঁরা বেশ কয়েকবার চিঠি দিয়ে এটি গ্রহণে অপারগতার কথা জানালেও একরকম জোর করেই তা বরগুনায় পাঠানো হয়। কর্মকর্তারা আরও জানান, অ্যাম্বুলেন্সটিতে শক্তিশালী দুটি পেট্রল ইঞ্জিন রয়েছে। এতে রোগী পরিবহন বেশ ব্যয়সাপেক্ষ। তাই কেউই আগ্রহ দেখায় না। এটি পরিচালনার জন্য চালক, জ্বালানি ও রক্ষণাবেক্ষণের কোনো বরাদ্দ নেই। তাই শুরু থেকেই এটি খাকদোন নদে অবস্থিত জেলা প্রশাসকের লঞ্চঘাটে পরিত্যক্ত পড়ে ছিল। এ কারণে অনেক মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। সম্প্রতি সেখান থেকে অ্যাম্বুলেন্সটি সরিয়ে জেনারেল হাসপাতালে এনে ফেলে রাখা হয়েছে।সদরের ডালভাঙ্গা মাছখালী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুর রাজ্জাক বলেন, গুরুতর অসুস্থ রোগী নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে যেতে হলে ট্রলার বা লঞ্চ ভাড়া করতে হয়। ততক্ষণে রোগীর অবস্থা খুব খারাপ হয়ে যায়। এ রকম একটি অ্যাম্বুলেন্স যদি সচল রাখা যায়, তবে এই ভোগান্তি অনেক কমবে।বরগুনার সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. ইউনূস আলী বলেন, অ্যাম্বুলেন্সটি চালনার জন্য কোনো চালক দেওয়া হয়নি। রক্ষণাবেক্ষণ ও জ্বালানি বাবদ কোনো বরাদ্দ নেই। তা ছাড়া সড়কপথে একজন রোগীকে অ্যাম্বুলেন্সে করে বরিশাল নিতে যে ব্যয় হয়, নৌ-অ্যাম্বুলেন্সে নিতে এর তিন গুণ ব্যয় হয় বলে কেউ এটি ব্যবহারে আগ্রহ দেখাচ্ছে না। তিনি আরও বলেন, ‘অ্যাম্বুলেন্সটি সরবরাহের আগেই আমরা বেশ কয়েকবার চিঠি দিয়ে অসম্মতি জানিয়েছিলাম। কিন্তু তার পরও একরকম জোর করেই এটি দেওয়া হয়েছে। এখন এর রক্ষণাবেক্ষণই আমাদের জন্য দুঃসাধ্য হয়ে গেছে। এরই মধ্যে অ্যাম্বুলেন্সটির দুটি পাখা চুরি হয়ে গেছে।’বরগুনার সিভিল সার্জন মো. জহিরুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত খরচের কারণে নৌ-অ্যাম্বুলেন্সটি ব্যবহারে কেউ আগ্রহ দেখায় না। তা ছাড়া দেখাশোনার জন্যও প্রয়োজনীয় জনবল নেই। এ কারণে এটি তুলে এনে জেনারেল হাসপাতালে অভ্যন্তরে রেখে দিয়েছি।’