পড়ে থেকে আলুবীজ নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের শতাধিক মেট্রিক টন আলুবীজ নষ্ট হয়ে গেছে। অথচ মৌসুমের শুরুর দিকে কৃষকেরা তাঁদের চাহিদামতো উন্নতজাতের আলুবীজ পাননি। কর্তৃপক্ষের গাফিলতি ও সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে প্রকৃত কৃষকেরা বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
তবে প্রজনন বীজ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষের দাবি, কৃষকদের চাহিদামতো বীজ সরবরাহ করা হয়েছে। আর শতাধিক নয়, ৩০-৩৫ মেট্রিক টন আলুবীজ নষ্ট হয়েছে। এ জন্য তাঁরা ১৮-দলীয় জোটের হরতাল-অবরোধকে দায়ী করেছেন।
স্থানীয় কৃষকদের অভিযোগ, তাঁরা চাহিদা অনুযায়ী প্রজনন কেন্দ্র কর্তৃপক্ষ বরাবর বীজের জন্য আবেদন করেন। কিন্তু প্রজনন কেন্দ্রের বীজ বিতরণ কর্মকর্তাদের সঙ্গে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী জড়িত থাকায় প্রকৃত কৃষকেরা প্রতিবছর উন্নত জাতের বীজ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।
কৃষকেরা চাহিদার এক-তৃতীয়াংশ পরিমাণ বীজও পাননি। ফলে বাধ্য হয়ে দেবীগঞ্জসহ জেলার কৃষকদের বাজার থেকে নিম্নমানের আলুবীজ চড়া দামে কিনতে হয়েছে।
সদরের সবুজপাড়ার এম এ কে মিলন বলেন, ‘তিন মেট্রিক টন আলুবীজের জন্য আবেদন করি। কিন্তু এক মেট্রিক টন দেওয়া হয়।’ একই উপজেলার মুন্সীপাড়া গ্রামের আমজাদ হোসেন দুই মেট্রিক টন আবেদন করে পেয়েছেন এক মেট্রিক টন আলু।
তবে প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আবিদ হোসেন জানান, আলুবীজ নষ্ট হওয়ার পেছনে ১৮-দলীয় জোটের হরতাল-অবরোধ দায়ী। দেবীগঞ্জ, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকার কৃষক আবেদন করেও হরতাল-অবরোধের জন্য আলুবীজ সংগ্রহ করতে না পারায় কিছু বীজ নষ্ট হয়েছে। প্রজনন কেন্দ্রের কিছু কর্মকর্তা-কর্মচারী আশপাশের জমি ইজারা নিয়ে সরকারি খরচে আলু চাষ করেছেন এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি নতুন এসেছি, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’
ওই কেন্দ্রের বীজ বিক্রয় ও বিপণন কমিটির সভাপতি জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা অমল কুমার জানান, চলতি মৌসুমে কৃষকসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৭০০ মেট্রিক টনের বিপরীতে তাঁর কাছে আবেদন পড়ে ৩২০টি। চাহিদা অনুযায়ী সময়মতো আবেদনকারীরা আলু না নেওয়ায় এবং হরতাল-অবরোধের কারণে ৩০ থেকে ৩৫ মেট্রিক টন বীজ নষ্ট হয়। এর বাইরে গবেষণাকাজের কিছু বীজও নষ্ট হয়েছে বলে তিনি স্বীকার করেন।