পড়ে থেকেই নষ্ট দুই কোটি টাকার স্থাপনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের গল্লামারী বদ্ধভূমির পাশেই দুস্থ ভবঘুরে প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রটি নির্মাণের আট বছরেও চালু হয়নি। দুই দপ্তরের রশি টানাটানিতে সরকারের এই মূল্যবান স্থাপনাগুলো পড়ে থেকে নষ্ট হচ্ছে। সমাজসেবা অধিদপ্তর সূত্র জানায়, দুস্থ ও ভবঘুরেদের প্রশিক্ষণ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় গণপূর্ত অধিদপ্তর খুলনার গল্লামারীতে ২০০১ সালে তিন একর জমিতে এক কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে পাঁচটি ভবনে ১০০ আসনের প্রশিক্ষণ কেন্দ্রটি নির্মাণ শুরু করে। ২০০৪ সালে কাজ শেষ হয়। কিন্তু ওই সময় ভবন নির্মাণে ত্রুটির অভিযোগ এনে গণপূর্ত অধিদপ্তরের কাছ থেকে জেলা সমাজসেবা অধিদপ্তর কেন্দ্রটি বুঝে নেয়নি। দীর্ঘদিন অব্যবহূত পড়ে থাকায় ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়ছে। অনেক দেয়ালে ফাঁটল দেখা দিয়েছে। কয়েকটির মেঝে দেবে গেছে।সরেজমিনে দেখা যায়, পাঁচটি ভবনের তিনটিতে এলাকার মুনসুর আলী খান, আবুল হোসেন মোল্লা ও আমেনা বেগম তাদের পরিবার নিয়ে বসবাস করছে। পুকুরের পাড় ভাঙতে ভাঙতে চলাচলকারী রাস্তায়ও ভাঙন দেখা দিয়েছে। ভবনে থাকা প্রসঙ্গে মুনসুর আলী খান বলেন, ‘আমারে মিস্ত্রি বসায়ে থুয়ে গেছে। আর চালু হয়নি বলে এহিনি আছি।’এলাকার যুবক এস এম কামাল হোসেন বলেন, ‘এত বড় একটি স্থাপনা অযত্নে-অবহেলায় প্রায় ৮-১০ বছর ধরে পড়ে থাকায় এলাকার কিছু মানুষ তা দখল করে খাচ্ছে। কেন্দ্রটি চালু হলে খুলনার অবহেলিত ভবঘুরে মানুষের মাথা গোঁজার একটা আশ্রয়স্থল হতো। ২০০৪ সালে ওই কেন্দ্রের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া কে এম জাহিদ হোসেন জানান, ২০০৪ সালের ২০ জুন তাদের ১৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হলে তাদের খুলনার মহেশ্বরপাশা এতিমখানায় পাঠানো হয়। সেখানে তিন বছর প্রেষণে কাজ করানো হলেও কোনো বেতন ভাতা দেওয়া হয়নি। কিন্তু কয়েক দিন আগে খুলনার সমাজসেবা উপপরিচালক জানান, যেহেতু সরকার কোনো টাকা-পয়সা দিচ্ছে না, তাই প্রেষণ বাতিল করা হলো। পরে সুযোগ হলে আবার ডাকা হবে।সমাজসেবা অধিদপ্তর খুলনা কার্যালয়ের উপপরিচালক শেখ আবদুল হামিদ এ বিষয়ে বলেন, গণপূর্ত অধিদপ্তর আট বছর আগে যে ভবনগুলো নির্মাণ করেছে ইতিমধ্যে সেগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। তা ছাড়া ওই কেন্দ্রের ১০ শতক জমি নিয়ে আদালতে মামলা থাকায় সামনের সীমানা-প্রাচীরও করা যাচ্ছে না। সেখানে যারা কাজ করত তাদের চাকরিও নেই। এসব বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।খুলনা গণপূর্ত অধিদপ্তর-১-এর নির্বাহী প্রকৌশলী জাফর আহমেদ খান বলেন, ২০০৪ সালে কাজ শেষ হলেও সমাজসেবা স্থাপনা বুঝে নেয়নি। তারপর থেকে অযত্ন অবহেলায় কিছু কিছু জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। কিছুদিন আগে সমাজসেবা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে ওই বিষয়টি উঠলে নতুন করে মেরামতের জন্য বলা হয়েছে। সমাজসেবা থেকে ভবনগুলো বুঝে নিতে চাইলে সামান্য মেরামত করে দেওয়া হবে।