পয়লা বসন্তে তরুপল্লবের মাধবীবরণ উৎসব

স্নিগ্ধতায় মোড়ানো ভোরে কোকিলের কুহুতানই মনে করিয়ে দিল বসন্ত এসেছে। কোকিল যেমন বসন্তের আগমন বারতা ছড়িয়ে দেয়, তেমনি মাধবী ফুলের হাত ধরেই আসে ফাগুন। কিন্তু রবীন্দ্রনাথ তাঁর কথা-কবিতা-গানে মাধবীলতাকে অনন্য মর্যাদায় অভিষিক্ত করলেও ফুলটি চেনেন না অনেকেই। আবার কেউ কেউ মধুমালতী বা মধুমঞ্জরিলতাকে মাধবী বলে ভুল করেন। তাই গতকাল পয়লা ফাল্গুন শনিবার মাধবীলতাকে ঘিরে রমনা উদ্যানে হয়ে গেল ব্যতিক্রমধর্মী মাধবীবরণ উৎসব।
উদ্যানের মাধবী চত্বর প্রাঙ্গণ নিসর্গপ্রেমীদের সংগঠন তরুপল্লবের আয়োজনে এ উৎসবে যোগ দেন অর্ধশত প্রকৃতিপ্রেমী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তরুপল্লবের সভাপতি ও উদ্ভিদবিজ্ঞানী অধ্যাপক দ্বিজেন শর্মা। শুভেচ্ছা জানান এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এ আর খান। অনুষ্ঠানে ২০১৫ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাওয়ায় তরুপল্লবের সদস্য পাখি বিশেষজ্ঞ শরীফ খান ও শিশুসাহিত্যিক সুজন বড়ুয়াকে অভিনন্দন জানানো হয়। এ সময় তাঁদের উত্তরীয় ও উপহারসামগ্রী তুলে দেন নিসর্গী বিপ্রদাশ বড়ুয়া, তরুপল্লবের সহসভাপতি শাহজাহান মৃধাসহ অতিথিরা।
শুরুতেই ঢোলের বাদনে মুখরিত হয়ে ওঠে মাধবী চত্বর প্রাঙ্গণ। তারপর তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন উপস্থিত সবাইকে ফাগুনের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবিতা ও গান পরিবেশন করেন দেবাশিস বিশ্বাস, ফারুক মঈনুদ্দিন, লায়লা আহমেদ, হেনা নূরজাহান প্রমুখ।
২০০৮ সালের ৫ ডিসেম্বর রমনা পার্কে গাছ চেনানোর অনুষ্ঠানের মধ্য দিয়ে তরুপল্লবের যাত্রা শুরু। তরুপল্লব এ পর্যন্ত ২২টি গাছ চেনানোর অনুষ্ঠান, উদ্যানকর্মীদের নিয়ে কর্মশালা, বৃক্ষরোপণ ও প্রকৃতিবিষয়ক সাময়িকী প্রকৃতিপত্র প্রকাশসহ নানামুখী সমাজ সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।