পয়লা বৈশাখ উদ্যাপনে বিধিনিষেধ মধ্যযুগীয় চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবে নারী নিরাপত্তা জোটের সংবাদ সম্মেলনে গতকাল বক্তব্য দেন সুলতানা কামাল l ছবি: প্রথম আলো
জাতীয় প্রেসক্লাবে নারী নিরাপত্তা জোটের সংবাদ সম্মেলনে গতকাল বক্তব্য দেন সুলতানা কামাল l ছবি: প্রথম আলো

পয়লা বৈশাখে বিকেল পাঁচটার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না—ঢাকা মহানগর পুলিশের এ সিদ্ধান্ত বাতিল করার দাবি জানিয়েছে নারী নিরাপত্তা জোট।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জোটের আহ্বায়ক সুলতানা কামাল এ দাবি জানান। তিনি পয়লা বৈশাখ উদ্যাপনে বিধিনিষেধকে মধ্যযুগীয় চিন্তার প্রতিফলন বলে মন্তব্য করেন।
সুলতানা কামাল বলেন, মানুষের ২৪ ঘণ্টা নিরাপত্তা দিতে সরকার সাংবিধানিকভাবে অঙ্গীকারবদ্ধ। অথচ প্রশাসন ঘোষণা করল পয়লা বৈশাখে বিকেল পাঁচটার পরে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না। এ সিদ্ধান্ত মধ্যযুগীয় চিন্তার প্রতিফলন এবং সংবিধানকে তাচ্ছিল্য করার প্রয়াস। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করতে হবে।
সুলতানা কামাল বলেন, সময় বেঁধে রাষ্ট্র পরোক্ষভাবে বুঝিয়ে দিল, কোনো কারণে উৎসবের আমেজ-অনুষ্ঠান যদি পাঁচটার মধ্যে শেষ না হয়, তাহলে রাষ্ট্র তোমার সুরক্ষার দায়িত্ব নেবে না। কিছু দুর্বৃত্তের ভয় দেখানোর কারণে সবার অধিকার ক্ষুণ্ন করা হলো। ভয়ের সংস্কৃতিকে সমর্থন দেওয়া হলো। তিনি বলেন, সরকার নিজেদের পিঠ বাঁচানোর জন্য এ পদক্ষেপ নিয়েছে। এটা অত্যন্ত ন্যক্কারজনক পদক্ষেপ। কারণ তারা ধর্মান্ধ, মৌলবাদী, সাম্প্রদায়িক শক্তিকে সামনে রেখে তাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাইছে না। পক্ষান্তরে যারা মুক্তবুদ্ধির মানুষ, তাদের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়ে দুর্বৃত্তদের প্রশ্রয় দিচ্ছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উন্মুক্ত স্থানগুলো নারী-পুরুষের চলাচলের উপযোগী করা, নারীর নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা ও নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া এবং প্রত্যেক নারী নির্যাতনের ঘটনায় অপরাধীকে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন নারী নিরাপত্তা জোটের ওয়াজেদুল ইসলাম খান, ফারাহ কবির, সেলিনা আহমেদ, জাহানারা নূরী প্রমুখ।
গত বছর বর্ষবরণ অনুষ্ঠানে নারীদের ওপর হামলা এবং যৌন নির্যাতনের ঘটনার প্রতিবাদে বিভিন্ন সংগঠন ও মানবাধিকার কর্মীদের উদ্যোগে ‘নারী নিরাপত্তা জোট’ নামে এই নাগরিক মঞ্চ গঠন করা হয়।