পয়লা বৈশাখ উপলক্ষে আনন্দ করায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাফ করে দেন স্যার, আর করব না’ বলে ছাত্রীরা ক্ষমা চাইলেও ক্ষমা করেননি শিক্ষকেরা। বেত দিয়ে মারতে মারতে বের করে দেন। বলতে থাকেন, ‘পয়লা বৈশাখ এখানে চলবে না, এসব চলে বটমূলে। চুমকি মাখানো ছাত্রীর দরকার নেই।’পয়লা বৈশাখ উপলক্ষে বান্ধবীদের সঙ্গে একটু আনন্দ করতে গিয়ে গেন্ডারিয়ার মা ফাতেমা (রা.) মাদ্রাসার ছাত্রী আরিফা নাজনীন ও তার কয়েকজন বান্ধবী গতকাল বুধবার মার খেয়েছে মাদ্রাসাশিক্ষকদের হাতে। তাদের অপরাধ ছিল, বৈশাখ উপলক্ষে আনন্দ করার জন্য একে অপরের গায়ে চুমকি ও জরি ছিটানো।আরিফা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। গতকাল রাতে হাসপাতালে কথা হয় তার সঙ্গে। বোরকা খুলে আঘাতের চিহ্ন দেখায় সে। আরিফা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর আবাসিক ছাত্রী।আরিফার বাবা আবদুল মান্নান বলেন, ‘মেয়েকে মাদ্রাসায় দিয়েছিলাম ভালোভাবে থাকার জন্য, কিন্তু বাঙালির বড় উৎসব পয়লা বৈশাখ উপলক্ষে আনন্দ করার জন্য তাকে এভাবে মার খেতে হবে, ভাবতেও পারিনি।’কুমিল্লার চৌদ্দগ্রামের ব্যবসায়ী আবদুল মান্নান জানান, নতুন বছর উপলক্ষে মেয়ের জন্য কিছু খাবার ও নতুন একটি জামা নিয়ে দেখতে এসেছিলেন।মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ রাতে টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘পয়লা বৈশাখ নিয়ে কোনো ঘটনা ঘটেনি। প্রথম সেমিস্টার পরীক্ষার শেষ দিন উপলক্ষে মেয়েরা ঘটনাটি ঘটায়। মাদ্রাসার প্রায় সবাই ভালো, তবে কয়েকজন মেয়ে উচ্ছৃঙ্খল। তারা অন্য মেয়েদের ঘোমটা টেনে খুলে ফেলে মাথায় ও চুলে চুমকি ও রং ছিটায়। অন্যরা এ ব্যাপারে নালিশ করলে দু-একটি চড়-থাপড় দিয়েছিলাম।’