পয়লা বৈশাখ উপলক্ষে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

বাংলা বর্ষবরণ উপলক্ষে রাজধানীর রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ সারা দেশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে র্যাব।
গতকাল মঙ্গলবার র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলা ইনস্টিটিউট, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি ও শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন পর্যন্ত এবং বিভিন্ন স্থানের অনুষ্ঠানগুলোতে র্যাবের বিশেষ নিরাপত্তা থাকবে। রমনা বটমূল এলাকায় নিরাপত্তাচৌকি বসানোর পাশাপাশি টহল দেবে র্যাব। সারা দেশে পয়লা বৈশাখের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত র্যাব তিন ভাগে বিভক্ত হয়ে নিরাপত্তা দেবে। অনুষ্ঠান চলাকালে র্যাবের টহল, নিয়ন্ত্রণ কক্ষ, বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল, ডগ স্কোয়াড টিম ও চিকিৎসক দল তৎপর থাকবে। দর্শনার্থী, আয়োজক ও শিল্পীদের মাঝে র্যাবের গোয়েন্দারা কর্তব্য পালন করবেন। রমনার বটমূল এবং ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে। জরুরি প্রয়োজনে হেলিকপ্টার প্রস্তুত থাকবে। দেশের স্পর্শকাতর স্থানগুলোতে বিশেষ করে সিনেমা হল, চিড়িয়াখানা এবং বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বৈশাখী মেলায় র্যাবের সদস্যরা অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করবেন।
র্যাবের সহযোগিতা পেতে রমনা পার্কে র্যাবের নিয়ন্ত্রণ কক্ষের ০১৭৭৭৭১০৩০৩ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।