পয়লা বৈশাখ একটা সাংস্কৃতিক বিপ্লব

একটা সময় বাঙালির জীবনে পয়লা বৈশাখ শুধু সামাজিক আর পারিবারিক কিছু আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ছিল। দোকানে হালখাতা হতো, বাড়িতে নতুন ভালো রান্না হতো, নতুন কাপড়-চোপড় পরা হতো। কিন্তু বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে পয়লা বৈশাখ এখন একটা বিপ্লবে রূপ নিয়েছে। এ যেন একটা সাংস্কৃতিক বিপ্লবের বহিঃপ্রকাশ। এই উৎসবের দিন ধর্ম-বর্ণ, ধনী-গরিব ভেদাভেদ ঘুচে যায়, সব মানুষ একটা সাংস্কৃতিক উৎসব উদ্যাপনে রাস্তায় নেমে আসে।
পয়লা বৈশাখের মধ্যে একটা ঐক্যের ব্যাপার আছে। তা ছাড়া এটা ঘটেছে কেবল এই বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে। পশ্চিমবঙ্গে পয়লা বৈশাখ এতটা উৎসব করে পালন করা হয় না। এখানে যে এটা ঘটল, তার একটা ঐতিহাসিক পটভূমি আছে। এ ক্ষেত্রে ছায়ানটের ভূমিকা বিরাট। পাকিস্তান আমলেও পয়লা বৈশাখ কেবল বাড়িতে বাড়িতে পালনীয় আচার-অনুষ্ঠান ছিল। সামাজিকভাবে তার বহিঃপ্রকাশ ছিল না। এটাকে একটা সর্বজনীন উৎসবে রূপান্তরের প্রথম বীজটা বপন করেছিল ছায়ানট।
একাত্তরে দেশ স্বাধীন হওয়ার পর এটা আরও সর্বজনীন রূপ পায়—যেখানে রাজনীতির গন্ধ নেই, ধর্মের গন্ধ নেই। এটা এমন এক উৎসব হয়ে উঠল, যেখানে প্রতিটি লোক তার নিজস্ব চিন্তা-রুচি-ভালোলাগার বহিঃপ্রকাশ ঘটাতে পারে।
এটা সম্ভব হয়েছে বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভবের কারণে। বাংলাদেশ না হলে এটা হতো না। সে হিসেবে বাংলাদেশ রাষ্ট্রের নাড়ির সঙ্গে পয়লা বৈশাখের যোগ আছে। অথচ এর মধ্যে কোনো রাজনীতি নেই। সবাই এটা উদ্যাপন করে। বাংলাদেশে এমন আর কোনো উৎসব নেই, যাতে সব ধর্ম-বর্ণের লোক বাড়ির বাইরে বেরিয়ে এসে একসঙ্গে উদ্যাপন করতে পারে।
পয়লা বৈশাখের মধ্যে দিয়ে একটা সামাজিক বিপ্লবও ঘটে গেছে। যেকোনো বিপ্লবের যেমন একটা কেন্দ্র থাকে, এখানেও আছে। এটা ঠিক যে পয়লা বৈশাখের বর্ষবরণ একটা নাগরিক নির্মাণ। কিন্তু এটা ক্রমাগত ছড়িয়ে পড়ছে একেবারে তৃণমূল পর্যায়ে। জেলায়, জেলায়, থানা-মহল্লায় এটা উদ্যাপিত হয়। স্কুল-কলেজে সাংস্কৃতিক সংগঠনগুলো এটা পালন করে, বিপুলসংখ্যক লোকসমাগম হয়। এছাড়া বাঙালি জাতির পিছু পিছু এটা এখন ছয়টি মহাদেশে ছড়িয়ে পড়েছে। বাংলা ভাষাভাষি মানুষ সবাই এটি একসঙ্গে পালন করে। পয়লা বৈশাখ এখন জাতি হিসেবে বাঙালির অস্তিত্বের বহিঃপ্রকাশ।
পয়লা বৈশাখ এখন যেভাবে উদ্যাপিত হয়, আমাদের ছোটবেলায় আমরা সেভাবে দেখিনি। এটা একটা বড় পরিবর্তন। আর আমি এটাকে একটা শুভ পরিবর্তন মনে করি। একটা নির্মল উৎসবে সবাই মেতে ওঠে, এই উৎসব সবার জন্য।
পয়লা বৈশাখের মধ্যে একসঙ্গে দুটো দিক আছে—একটা বর্ষবিদায়, আরেকটা বর্ষবরণ। বর্ষবিদায় নিছক একটা আনন্দ উৎসব নয়। এর মধ্যে একটা গভীর উপলব্ধির ব্যাপার আছে। একটা বছর যখন শেষ হয়ে যায়, তখন একটা হিসাব-নিকাশ করতে হয়। সারা বছরে আমার প্রাপ্তি কী, অপ্রাপ্তি কী, ব্যর্থতা কতটুকু। এই হিসাব-নিকাশ, এই আত্মানুসন্ধানটা করা দরকার ব্যক্তি পর্যায়ে, সংগঠন পর্যায়ে—সামগ্রিক পর্যায়ে। বছরের শেষ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে এই যাপিত ভ্রান্তিগুলোর সমাপ্তি টানতে হয়, নিজেকে প্রস্তুত করে নিতে হয়। নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একটা নতুন দিনকে, নতুন সময়কে আবাহন করার ব্যাপার থাকে। নতুন করে নিজেকে তৈরি করার সংকল্প করতে হয়। বর্ষবরণ কেবল আনন্দ উদ্যাপনে শেষ করা উচিত না। এর সঙ্গে যুক্ত এই গভীর উপলব্ধিগুলো হওয়া দরকার। বর্ষবরণের মধ্যে যেন পুরোনো অপ্রাপ্তি এবং ব্যর্থতা কাটিয়ে ওঠার প্রত্যয় থাকে।