পয়লা বৈশাখ ছাড়া রমনায় কোনো অনুষ্ঠান নয়: গণপূর্তমন্ত্রী
পয়লা বৈশাখ ছাড়া রমনা পার্কে এখন থেকে আর কোনো অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে মণিপুরিপাড়ায় বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে এক সেমিনারে পরিবেশবাদীদের দাবির পরিপ্রেক্ষিতে এ কথা বলেন মন্ত্রী।
‘রমনা পার্ক: সৌন্দর্য, উপযোগিতা ও ঐতিহ্য সুরক্ষা’ শীর্ষক এ সেমিনার যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি), বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বাংলাদেশ বার্ড ক্লাব, সমন্বয় আর্কিটেক্টস, তরুপল্লব ও পরিবর্তন চাই।
মোশাররফ হোসেন বলেন, পয়লা বৈশাখ ছাড়া রমনা পার্কে এখন থেকে আর কোনো মেলা করা যাবে না। গণপূর্ত মন্ত্রণালয় অনুষ্ঠানের অনুমতি দেবে না। বরং পার্কের সৌন্দর্য বাড়াতে সব পরিবেশবাদী সংগঠনের নেতাদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। মন্ত্রণালয়ের সম্পূর্ণ খরচে পার্কটিকে ফুলে সাজিয়ে দেওয়া হবে।
মোশাররফ হোসেন আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যান থেকে শহীদ জিয়া শিশু পার্ক সরিয়ে নিতে অনেকে দাবি জানিয়েছেন। কিন্তু দ্বিমত পোষণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী চান পার্কটি এখানেই থাকুক। কারণ, পার্কে বেড়াতে এসে সোহরাওয়ার্দী উদ্যানে থাকা মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস সম্পর্কে জানতে পারবে শিশু-কিশোরেরা। এ জন্য পার্ক থেকে উদ্যান ও রমনায় যাওয়ার পথ নির্মাণ করা হবে।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, শাহবাগ থেকে ফুলের দোকানগুলো সরানো হবে না। বরং সুন্দর পরিবেশে তাদের ব্যবসা পরিচালনায় একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। বিয়ের গাড়ি সাজাতে পৃথক ব্যবস্থা করা হবে।
ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, সোহরাওয়ার্দী উদ্যান রক্ষায় হাইকোর্টে একটি আবেদন করেছিলেন তিনি। আদালত তাঁর আবেদনের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেয়নি। অথচ গৃহায়ণ ও বন মন্ত্রণায়ের অধীনে থাকা দেশের উদ্যান ও পার্কগুলো সংরক্ষণ এবং সৌন্দর্য বাড়াতে একটি একটি সমন্বিত নীতিমালা দরকার।
মুনতাসীর মামুন বলেন, বলধা গার্ডেনের পাশে একটি হাসপাতাল নির্মাণ করা হয়েছে। এতে পার্কটি ধ্বংসের সম্মুখীন। তিনি বলেন, পার্কের দখল ঠেকাতে ও সৌন্দর্য রক্ষায় সরকারকে ‘পার্ক পুলিশের’ ব্যবস্থা করতে হবে। মসজিদের নামে রমনা পার্কের জমি দখল বন্ধ করতে হবে।
পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় স্থপতি তুঘলক আজাদ বলেন, কোটি মানুষের শহর ঢাকার রমনা পার্ক নিশ্বাস নেওয়ার একটি বড় স্থান। এখানে আছে দুর্লভ প্রজাতির গাছ ও পাখি। কিন্তু বাণিজ্যিক কর্মসূচিসহ বিভিন্নভাবে পার্কটি নষ্ট হয়ে যাচ্ছে। এ ছাড়া পার্কে রেইনট্রিসহ কিছু গাছের প্রভাবে ঐতিহ্যবাহী অনেক গাছ বিলীনের পথে। তাই পার্কের ঐতিহ্যবাহী গাছ রক্ষায় তা কেটে ফেলতে হবে।
স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, পার্ক ও উদ্যানের সৌন্দর্য নগরের বাসিন্দারা যাতে বাইরে থেকেও উপভোগ করতে পারে, সে জন্য সীমানাপ্রাচীরগুলো স্বচ্ছ রাখতে হবে। পার্কের চারপাশে কোনো সুউচ্চ ভবন নির্মাণ করা যাবে না।
অধ্যাপক মুনতাসীর মামুনের সভাপতিত্বে সেমিনারে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, প্রকৃতিবিদ অধ্যাপক দ্বিজেন শর্মা, ফেডারেশন অব ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ আর খান, আইএবিরর সভাপতি স্থপতি আবু সাঈদ এম আহমেদ, তরুপল্লবের সহসভাপতি মো. শাহজাহান মৃধা, বাপার যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব প্রমুখ বক্তব্য দেন।