পয়লা বৈশাখ সামনে রেখে বেপরোয়া জাটকা শিকার
সামনে পয়লা বৈশাখ। পান্তা-ইলিশ খাওয়ার উৎসব। এ কারণে বাজারে ইলিশের চাহিদা বেশ। এ চাহিদা মেটাতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার মেঘনা, তেঁতুলিয়া নদী ও সাগর মোহনায় এবং পটুয়াখালীর বিভিন্ন নদ-নদীতে জেলেরা জাটকা শিকার করছেন।
ভোলা জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইলিশের পোনা বা জাটকা রক্ষায় বছরের আট মাস (নভেম্বর-জুন) জাটকা সংরক্ষণ মৌসুম ধরা হয়েছে। এর মধ্যে মার্চ-এপ্রিল মেঘনা ও তেঁতুলিয়ার ১৯০ কিলোমিটার জলসীমানায় জাল ফেলার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে মত্স্য সম্পদ অধিদপ্তর ৫২ হাজার ১৫০ জেলের পরিবারকে ভিজিএফের মাধ্যমে প্রতি মাসে ৪০ কেজি করে চার মাসে (ফেব্রুয়ারি-মে) ১৬০ কেজি চাল দেওয়ার নির্দেশনা দিয়েছে।
এদিকে ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তুম তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। মার্চ-এপ্রিলে সেখানে জাল ফেলা নিষিদ্ধ। কিন্তু তা উপেক্ষা করা হচ্ছে।
পটুয়াখালীর গলাচিপা, রাঙ্গাবালী ও মির্জাগঞ্জ উপজেলার আগুনমুখা, দারভাঙ্গা ও পায়রা নদ-নদীতে জেলেরা বড় ইলিশের পাশাপাশি জাটকা শিকার করছেন। গত এক সপ্তাহ সরেজমিনে ভোলার নদীতীরের মাছঘাট, বাজার, বাড়ি এবং অলিগলিতে জাটকা কেনাবেচা করতে দেখা গেছে। এক হালি বড় ইলিশ বিক্রি হচ্ছে ২ থেকে ৮ হাজার টাকায়। ছোট-মাঝারি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায়। এক হালি জাটকা বিক্রি হচ্ছে ২ হাজার টাকায়।
ভোলা সদর উপজেলার রাজাপুরের উত্তরে ভোলার চর, কানিবগার চর, রামদাসপুর, ইলিশা নদীর জোড়খাল, মেঘনা নদীর ইলিশা বিশ্বরোডের মাথা মাছঘাট, কাচিয়া কাঠির মাথা, মাঝের চর, ধনিয়া তুলাতুলি, নাছিরমাঝি, শিবপুর ভোলা খালের মাথা, দৌলতখানের মাঝিরহাট, মুন্সিরহাট, গুপ্তমুন্সি, চৌকিঘাটা, পাতারখাল, হাজিরহাটসহ বোরহানউদ্দিন, তজুমদ্দিন, মনপুরা, চরফ্যাশন ও তেঁতুলিয়ার তীরে শান্তিরহাট, গঙ্গাপুর, ব্যাংকেরহাটসহ বিভিন্ন মাছঘাটে জাটকা কেনাবেচা হচ্ছে। মেঘনা-তেঁতুলিয়া নদীতে কয়েক হাজার নৌকায় ইলিশ ও জাটকা ধরা হচ্ছে। সেই মাছ লঞ্চ, ট্রলার ও ট্রাকে করে ঢাকা-বরিশাল নেওয়া হচ্ছে। যদিও নদীতে জাল ফেলা নিষিদ্ধ করার পাশাপাশি মৎস্য অধিদপ্তর জাটকা বহন, ক্রয়-বিক্রয়ও নিষিদ্ধ করেছে।
গত রোববার বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে সাচড়া ইউনিয়নের চর সামসুদ্দিনের সাহে আলম মাঝি, জাহাঙ্গীর হোসেন, আবুল হোসেন মাঝি, হাসান নগর ইউনিয়নের হাকিমউদ্দিন মাছঘাটের আবদুল মালেক মাঝি নদীতে মাছ ধরছিলেন। নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেন মাছ ধরছেন, এমন প্রশ্নের জবাবে তাঁরা বলেন, গত মাসে মাছ ধরেননি। অনেকে ঋণী হয়ে পড়েছেন। বাজারে ইলিশ ও জাটকা ভালো দামে বিক্রি করছেন। তাই তাঁরাও নদীতে এসেছেন।
জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, এ বছরের অভিযান হচ্ছে নাটকের মঞ্চায়ন। কিছু গরিব-দুঃখী জেলেকে ধরে এনে লোককে দেখাচ্ছে। রাঘববোয়ালদের গ্রেপ্তারে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা প্রকৃত কোনো অভিযান চালায়নি।
জেলা মত্স্য কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, প্রতিদিন প্রতি উপজেলায় একটি করে অভিযান চালালে কমপক্ষে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা দরকার। অথচ আট মাস অভিযান চালানোর জন্য বরাদ্দ পেয়েছেন মাত্র ১২ লাখ টাকা। রয়েছে লোকবলের সংকট। তারপরও গত মাসে তাঁরা ১১৫টি অভিযান পরিচালনা করেন। এর মধ্যে ৩৪টি ছিল ভ্রাম্যমাণ আদালতের। মামলা হয়েছে ৭০টি। ৪০ জনের বিভিন্ন মেয়াদের জেল-জরিমানা হয়েছে।
এদিকে পটুয়াখালীর গলাচিপা, রাঙ্গাবালী ও মির্জাগঞ্জ উপজেলার আগুনমুখা, দারভাঙ্গা ও পায়রা নদ-নদীতে জেলেরা জাল ফেলে জাটকা শিকার করছেন।
রুস্তুম পালোহান নামের রাঙ্গাবালীর এক জেলে বলেন, এখন বড় ইলিশ খুব একটা পাওয়া যায় না। তাই জেলেরা সূক্ষ্ম ফাঁস জাল ব্যবহার করছেন। এতে বেশির ভাগই জাটকা ধরা পড়ছে।
জাটকা সংরক্ষণের লক্ষ্যে মৎস্য বিভাগ গত পাঁচ মাসে প্রশাসনের সহায়তায় ৩০৪টি অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে ১৪৩টি। এ সময় ১৭ দশমিক ১২৪ টন জাটকা জব্দ করা হয়। এ সময় ২৪ লাখ মিটারের বেশি অবৈধ জাল জব্দ করে পোড়ানো হয়। ২৯টি মামলা হয়েছে। ছয়জনের কারাদণ্ড ও ২ লাখ ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা হয়েছে।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল হাছানাত বলেন, জাটকা নিধন বন্ধে মৎস্য বিভাগ রাতেও অভিযানে নামার সিদ্ধান্ত নিয়েছে।