পয়লা বৈশাখে আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা
বাঙালির চিরায়ত উৎসব পয়লা বৈশাখ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ শনিবার রাজধানীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা করেছে। শোভাযাত্রায় ধর্ম-বর্ণনির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেয়। শোভযাত্রায় যুদ্ধাপরাধীদের প্রতি ঘৃণা-ধিক্কার জানানোর পাশাপাশি দ্রুত বিচার শেষ করে তাদের ফাঁসি দাবি করা হয়। একই সঙ্গে সমুদ্র জয়ে ঐতিহাসিক ভূমিকার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়। শনিবার সকাল সাতটায় রাজধানীর ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু করা হয়। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে তা বঙ্গবন্ধু এভিনিউয়ে শেষ হয়। শোভাযাত্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার বিশাল ছবি ও জাতীয় পতাকা বহন করা হয়। শোভাযাত্রা থেকে ‘বঙ্গবন্ধুর বাংলায়, রাজাকারদের ঠাঁই নাই। যুদ্ধাপরাধীদের ক্ষমা নাই’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়। মঙ্গল শোভাযাত্রার পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের আনা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত গোলাম আযম, মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদীদের কুশপুত্তলিকা দাহ করা হয়।