পয়লা বৈশাখে ইলিশ না খাওয়ার উপদেশ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পয়লা বৈশাখে ইলিশ না খেতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার বিকেলে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘পয়লা বৈশাখে ইলিশ না ধরতে ও না খেতে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি। এর পরিবর্তে আপনারা খিচুড়ি, সবজি, ডিম ভাজা ও পুড়িয়ে শুকনো মরিচ খেতে পারেন।’

শেখ হাসিনা বলেন, এখন মা ইলিশের ডিম ছাড়ার মৌসুম। সরকার এ সময় ৩০ দিন ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

গত বছরও পয়লা বৈশাখে গণভবনে প্রধানমন্ত্রীর খাদ্যতালিকায় ইলিশ মাছ ছিল না। সরকারি সূত্রে জানা গেছে, জাটকা ও মা ইলিশ ধরার বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কারণে গত কয়েক বছরে গড়ে ১০ থেকে ১২ হাজার টন ইলিশ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে ইলিশের উৎপাদন চার লাখ টনের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে।