জাতীয় বৃহত্তর স্বার্থ বিবেচনা করে জাটকা ও মা-ইলিশ রক্ষায় এ বছর ইলিশ ছাড়াই বাংলা নববর্ষ উদ্যাপন করবে খুলনা জেলা প্রশাসন। গতকাল সোমবার জেলা প্রশাসক (ডিসি) নাজমুল আহসান ‘ডিসি খুলনা’ নামে তাঁদের ফেসবুক পেজে এ কথা জানিয়েছেন।
জেলা প্রশাসক লিখেছেন, ‘প্রিয় খুলনাবাসী ও ফেসবুক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে চলমান মৌসুম হচ্ছে ইলিশ প্রজননের উৎকৃষ্ট সময়। এ সময় পয়লা বৈশাখকে উপলক্ষ করে বাজারে ইলিশের চাহিদা বেড়ে যায়। ফলে নদীতে জাটকা ও মা ইলিশ নিধন শুরু হয় ব্যাপক হারে। তাই জাতীয় বৃহত্তর স্বার্থ বিবেচনা করে খুলনা জেলা প্রশাসন এবারের পয়লা বৈশাখ আয়োজনে ইলিশ মাছ না রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে অন্যসব আয়োজন আগের মতোই থাকবে।’
জেলা প্রশাসকের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অনেকেই মন্তব্য করেছেন।
বাংলা নতুন বছরকে সামনে রেখে জেলা প্রশাসন এবারও সকাল সাতটায় নগরের শিববাড়ি মোড় থেকে খুলনা অফিসার্স ক্লাব পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা, সকাল সাড়ে সাতটায় জেলা প্রশাসকের বাংলোর ঐতিহ্যবাহী বকুলতলায় পান্তা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জাতিসংঘ শিশু পার্কে তিন দিনব্যাপী বৈশাখী মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
নাজমুল আহসান জানান, সবার সিদ্ধান্ত অনুযায়ী পান্তা উৎসবে ইলিশ বর্জন করা হয়েছে। এর পরিবর্তে থাকবে বিভিন্ন ধরনের ভর্তা, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা।