পয়লা বৈশাখে পৃথক অনুষ্ঠান করায় পাঁচ কর্মীকে মারধর!
পয়লা বৈশাখে পৃথক অনুষ্ঠান করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পাঁচ কর্মী মারধরের শিকার হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার সন্ধ্যায় ছাত্রলীগের ২০-২৫ জন কর্মী শাহ আমানত হলের তিনটি কক্ষে ঢোকে দলের ওই কর্মীদের মারধর করেন। এ সময় হলে আতঙ্ক তৈরি হয়।
ঘটনার শিকার রাজনীতি বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শফিকুল আলম প্রথম আলোকে বলেন, ‘পয়লা বৈশাখের আগে আমাদের না জানিয়ে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছিরের সঙ্গে সাক্ষাৎ করতে যান রেড সিগন্যাল গ্রুপের অন্য কর্মীরা। এ কারণে পয়লা বৈশাখে আমরা তাঁদের অনুষ্ঠানে যোগ না দিয়ে আলাদা অনুষ্ঠান করি। এতে ক্ষিপ্ত হয়ে কয়েকজন কর্মী শাহ আমানত হলের ৫০৮, ৪১০ ও ৪১২ নম্বর কক্ষে থাকা ছয় শিক্ষার্থীকে মারধর করেন। এর মধ্যে পাঁচজন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন।’
রেড সিগন্যাল নামে ছাত্রলীগের এই পক্ষটি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছিরের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
শফিকুল আলম বলেন, এ ঘটনায় তিনি ছাড়াও পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পিয়াস সরকার ও আমির হোসেন, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রবি, গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আজহারুল ইসলাম আহত হয়েছেন। হামলাকারীরা রামদার হাতল দিয়ে তাঁদের আঘাত করেছেন বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে রেড সিগন্যাল পক্ষের নেতা রকিবুল হাসান প্রথম আলোকে বলেন, ‘সিনিয়রদের সঙ্গে বেয়াদবি করায় কয়েকজনকে রেড সিগন্যাল গ্রুপ থেকে বহিষ্কার করার বিষয়টি জানাতে গিয়েছি আমরা। মারধরের অভিযোগ সত্য নয়।’
শাহ আমানত হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর প্রথম আলোকে বলেন, ‘হলে এক পক্ষ অপর পক্ষকে মারধর করেছে বলে শুনেছি। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।’