পয়লা বৈশাখে ফরিদার গানে উদ্বেলিত নয়াদিল্লি হাইকমিশন

লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনের পরিবেশনায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উদ্যাপিত হলো পয়লা বৈশাখ; বাংলা নববর্ষ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এখানে বাংলাদেশ হাইকমিশনে ফরিদা পারভীনই ছিলেন মূল আকর্ষণ।
ভারতসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও সাংস্কৃতিক মনস্ক মানুষের ভিড়ে ঠাসা মৈত্রী আঙিনায় অনুরণিত হলো লালন-সংগীত ফরিদা পারভিনের কণ্ঠে।
সংগীত শিল্পী ফরিদা পারভীন শুরু করলেন ‘এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা’ দিয়ে। তারপর একে একে ‘ও হে দয়াবান’, ‘বাড়ির কাছে আরশিনগর’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘লালন কয় জাতের কী রূপ’ হয়ে শেষ করলেন ‘সময় গেলে সাধন হবে না’ দিয়ে। তিনি বললেন, লালন তাঁর গানের মধ্য দিয়ে মনের মিলন ঘটাতে চেয়েছেন, ধর্মীয় সংঘাতকে পাশে সরিয়ে প্রেমের বন্ধনে বাঁধতে চেয়েছেন। আজকের এই সংঘাতপূর্ণ পৃথিবীতে তাঁর সেই গান নতুন বছরের প্রথম দিনে সেটাই যেন প্রতীকী হয়ে উঠল। ফরিদা পারভীনের সঙ্গে বাঁশিতে ছিলেন গাজি আবুল হাকিম, ঢোলে এ এস এম রেজা, তবলায় দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং দোতারায় দেলোয়ার হুসেন।
নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলি উপস্থিত অতিথিদের সঙ্গে শিল্পীদের পরিচয় করিয়ে দেন। পয়লা বৈশাখের তাৎপর্য যাতে হারিয়ে না যায়, সে জন্য বাংলাদেশের নবীন প্রজন্মের কচিকাঁচাদের জন্য একটি রচনা প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছিল। সবার শেষে ছিল বৈশাখী নৈশভোজ।