পয়লা বৈশাখে বড় জমায়েতের প্রস্তুতি নিচ্ছে বিএনপি
পয়লা বৈশাখ বাংলা বর্ষবরণের নামে ঢাকায় বড় ধরনের জমায়েত করার (শোডাউন) করার প্রস্তুতি নিচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি। দলটি এ কর্মসূচি বাস্তবায়ন করবে অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ব্যানারে।গত বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে চেয়ারপারসন খালেদা জিয়া বড় ধরনের জমায়েত করার জন্য দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ওই দিনের কর্মসূচির জন্য রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন ভাড়া নেওয়া হয়েছে। ওই দিন শাহবাগে গণজাগরণ মঞ্চের মহাসমাবেশ রয়েছে। সেটার পাল্টা বড় জমায়েত করতে চায় বিএনপি। কিন্তু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন শাহবাগের গণজাগরণমঞ্চের খুব কাছে, তাই বিএনপিকে ভাড়া নাও দেওয়া হতে পারে, এ আশঙ্কায় অন্য একটি সংগঠনের নামে মিলনায়তনটি ভাড়া নেওয়া হয়েছে। পয়লা বৈশাখ সকাল থেকে ওই সংগঠনটি একটি অনুষ্ঠান করবে। এরপর জাসাসের কর্মসূচি শুরু হবে।দলীয় সূত্রগুলো জানায়, ঢাকায় এই কর্মসূচি ঘিরে বড় ধরনের জমায়েত করার প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে বর্ষবরণের এই কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনও উপস্থিত থাকতে পারেন। অবশ্য জাসাসের সভাপতি এম এ মালেক দাবি করেন, জাসাস প্রতিবছরই বর্ষবরণ অনুষ্ঠান করে। এবার একটু বড় পরিসরে করার চিন্তা করা হচ্ছে। তিনি বলেন, ‘এটাকে আমি শোডাউন বলব না। এবার বড় আয়োজন করা হচ্ছে। সেভাবেই দল থেকে বলা হয়েছে।’বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, পয়লা বৈশাখের আয়োজনের সময় শাহবাগ, রমনা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। সেখানে উপস্থিত হন নগরের লাখ লাখ মানুষ। অথচ শাহবাগে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। বিএনপি ধারণা করছে, সরকার এটা করতে দেবে। তাই কাছেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বা তার বাইরে বিএনপি একটি বড় জমায়েতের প্রস্তুতি নিচ্ছে।